‘এখানে সব রকমের জিনিস আছে, দাম করে কেনা যায়, এ জন্য এখানে আসি।’ বলছিলেন রাজধানীর মৌচাকে ঈদের কেনাকাটা করতে আসা রামপুরার রওশন আরা পারভীন।
গতকাল শনিবার রওশনের মতো অসংখ্য ক্রেতার ভিড় জমেছিল মৌচাক মার্কেটে। ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, এখানে সব শ্রেণির মানুষের কেনাকাটার সুযোগ থাকায় ভিড় কিছু বেশি।
আগের দিন শুক্রবার সরকারি ছুটির দিন থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে ক্রেতারা খুব বেশি আসতে পারেনি। কিন্তু গতকাল বৃষ্টি না থাকায় ভিড় তুলনামূলক বেশি ছিল। মার্কেটে ঘুরে জানা গেল, এখানে দরদাম করে কেনার মতো যেমন দোকান রয়েছে, তেমনি এক দামের অসংখ্য ছোটবড় দোকান রয়েছে। পাশাপাশি ঈদের কেনাকাটার প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায় এই মার্কেটে। ফলে ক্রেতার ভিড়টা একটু বেশি। অনেকে এই মার্কেটকে নিউমার্কেট ও গাউছিয়ার সঙ্গে তুলনা করেন।
নারীদের জন্য এখানে সালোয়ার-কামিজের দোকান যেমন রয়েছে, তেমনি রয়েছে শিশুদের পোশাকের দোকান। আছে জুয়েলারি, প্রসাধনী আর ঘরের বিছানা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জিনিস। আছে শাড়ি, পাঞ্জাবি, শার্ট ও প্যান্টের দোকান। ঈদ উপলক্ষে এখন সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত কেনাবেচা হচ্ছে।
তবে দোকানিরা বললেন, এ বছর আগের বছরের চেয়ে কেনাকাটা কম। এ জন্য তাঁরা কয়েকটি কারণের কথা জানালেন। এর মধ্যে রয়েছে মৌচাক মার্কেটের সামনের খারাপ রাস্তা, এ ছাড়া ফ্লাইওভার নির্মাণের কারণে বাড়তি ঝামেলা। বৃষ্টি হওয়ায় মার্কেটের সামনের রাস্তায় পানি জমে যাওয়া, প্রচণ্ড গরম থাকলেও মার্কেটে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র ঠিকমতো না চলা। তা ছাড়া তাদের ভাষায় ‘মানুষের হাতে টাকা কম’।
বেইলি রোডে এক দামে স্বচ্ছন্দে কেনাকাটা: মৌচাক ঘুরে বেইলি রোডে গিয়ে দেখা গেল দোকানগুলোতে প্রচুর ভিড়। কেনাকাটায় ঝামেলা নেই। এই এলাকার পোশাকের দোকানগুলোতে একদামে কেনাবেচা হওয়ায় ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে পছন্দের পণ্য কিনতে পারছেন। এ ছাড়া এখানকার ক্রেতাদের বড় অংশ তুলনামূলক ধনী হওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে।
বেইলি ফিয়েস্তা মার্কেটের সামনে কথা হয় বনশ্রী এলাকার বাসিন্দা সেলিমুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এখানে এক দামে কেনা যায়, ঝামেলাও কম, আবার পণ্যের গুণগত মানও তুলনামূলক ভালো।
তবে এই মার্কেটেরই ফ্যাশন হাউস রঙের ব্যবস্থাপক মাহফুজ তমালের দাবি এবারের বিক্রি আশানুরূপ নয়। তবে শেষদিকে ক্রেতার ভিড় বাড়ছে।
এখানে অঞ্জন’স, কে ক্র্যাফট, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, ইনফিনিটিসহ কয়েকটি ফ্যাশন হাউস রয়েছে। আছে বেশ কিছু শাড়ির দোকান। টাঙ্গাইল শাড়ি কুটিরে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। দোকানের দায়িত্বে থাকা কামরুল হাসান বলেন, এবার সুতি শাড়ির চাহিদা বেশি। চাহিদার শাড়ির মধ্যে রয়েছে টাঙ্গাইল বিটি, বালুচুরি ইত্যাদি।
আগুনের প্রভাব নেই কর্ণফুলী গার্ডেন সিটিতে: বেইলি রোডের কাছাকাছি কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটিতে গিয়েও দেখা গেল ক্রেতাদের আনাগোনা। গতকাল সকালে এই মার্কেটের খাবারের দোকানে আগুন লাগলেও কেনাকাটায় এর প্রভাব পড়েনি।