মৌমাছি পালনে সাফল্য
মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে মৌমাছির খামার গড়ে পরিবারের সচ্ছলতা এনেছেন দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল হান্নান। তাঁর মতে, মৌমাছি পালনে একদিকে পরিবারে সচ্ছলতা আসে, অন্যদিকে মৌমাছির বিচরণে পরাগায়নের ফলে ফসলের উত্পাদন বাড়ে। সরেজমিনে দেখা যায়, দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর পাটবীজ খামারের লিচু বাগানে আবদুল হান্নানের মৌ-খামার। গাছে ভরা মুকুল। সেই মুকুলে ব্যস্ত হাজারো মৌমাছি। সামনে বাগানের লিচুগাছের নিচে সারি করে রাখা কাঠের তৈরি ৩৬টি মৌ-বাক্স। প্রতিটি বাক্সের উপরিভাগ কালো পলিথিন দিয়ে মোড়ানো। কালো পলিথিনের মোড়ক খুলে মৌ-বাক্স থেকে কাঠের ফ্রেমে ধরে থাকা মৌচাক বের করা হচ্ছে। এরপর মধু আহরণ যন্ত্র দিয়ে চাক থেকে মধু বের করে নেওয়া হচ্ছে। আবদুল হান্নান জানান, প্রতিটি বাক্স এক ফুট উচ্চতা ও চওড়া এবং ২০ ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট। বাক্সগুলোর ভেতরে সাত-আটটি কাঠের বেড়া দিয়ে (ফ্রেম) কুঠুরি বানানো হয়েছে। নিচের অংশে রয়েছে মৌমাছিদের যাওয়া-আসার পথ।রংপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুস সালাম জানান, চার বছর ধরে তিনি তাঁরই ছাত্র আবদুল হান্নানের সঙ্গে এই খামার গড়ে তুলেছেন। প্রতিটি মৌ-বাক্সে আছে একটি করে ‘এপিস মেলি ফেরা’ জাতের রানি মৌমাছি। রানির আকর্ষণে ২৫০ থেকে ৩০০টি পুরুষ মৌমাছি মুখে মধু নিয়ে বাক্সে প্রবেশ করে মধু জমা রেখে চলে যায়। রানিদের প্রত্যেকের শরীরের ঘ্রাণ আলাদা রকমের। এক বাক্সের মৌমাছিরা কখনো অন্য বাক্সে যায় না। ভুল করে গেলেও ওই বাক্সের মৌমাছিরা তাকে মেরে ফেলে। আর রানিদের ঘ্রাণ যাতে বাইরে না ছড়ায় সে কারণেই প্রতিটি বাক্স মোটা কালো পলিথিন দিয়ে মোড়ানো হয়। রানি প্রতিদিন একটি করে পুরুষ মৌমাছির সঙ্গে দৈহিক মিলন ঘটায়। মিলনের পর পুরুষ মৌমাছিটি মারা যায়। হান্নান জানান, নভেম্বর থেকে মে পর্যন্ত বাংলাদেশের খামারিরা টানা সাত মাস মধু সংগ্রহ করে থাকেন। তার ৩৬টি মৌ-বাক্স থেকে মাসে চার মণ হিসেবে সাত মাসে ২৫ থেকে ২৮ মণ পর্যন্ত মধু উত্পাদন হয়। প্রতি মণ প্রায় ১০ হাজার টাকা বিক্রি হয়।আব্দুস সালাম বলেন, দিনাজপুর ছাড়া পাবনা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার কৃষকেরা সরিষাখেতে কোনো প্রকার কীটনাশক ছিটান না। ফলনও হয় প্রচুর। কিন্তু দিনাজপুরে কৃষকেরা সরিষাখেতে কীটনাশক প্রয়োগ করেন। ফলনও কম হয়। মৌ-খামারিরা এই জেলার সরিষাখেত থেকে মধু সংগ্রহ করেন না। যেকোনো শিক্ষিত, বেকার বা কর্মজীবী মানুষ মৌমাছি চাষ করে লাভবান হতে পারেন।