মৌমাছির সঙ্গে একই ঘরে বসবাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক পরিবারের লোকজন মৌমাছির সঙ্গে একই ঘরে প্রায় তিন মাস ধরে বসবাস করছে। ঘটনাটি জানাজানি হলে গ্রামের মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। তা দেখতে প্রতিদিনই ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন দূরদূরান্তে মানুষ।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া গ্রামের দিনমজুর উকিল চন্দ্র (৩৫) ও তাঁর স্ত্রী সান্ত্বনা রানীর (৩০) ঘরে তিন মাস আগে এক ছেলেসন্তান জন্ম হয়। ছেলের জন্মের পর থেকেই মৌমাছি তাঁদের ঘরে বাসা (চাক) বাঁধে। এরপর থেকেই ওই পরিবারটি মৌমাছির সঙ্গে একই ঘরে বসবাস করছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঘরের মাঝে খাটের সঙ্গে কাপড়ের পর্দায় মৌমাছির চাক। মৌমাছি ভোঁ ভোঁ শব্দ করে ঘরে প্রবেশ করছে। উকিল চন্দ্রের দুই ছেলে শুভ ও সাগর ঘরে মৌমাছির চাকের পাশে খেলা করছে। এ সময় সান্তনা রানী বলেন, ‘ওরা আমার ঘরের সন্তানের মতোই। আদর পেয়ে দিন দিন সন্তানের মতোই বড় হচ্ছে মৌমাছিগুলো। এখন ওরা আমাদের পরিবারে সদস্য ও ঘরের লক্ষ্মী। একদিন হঠাৎ সন্ধ্যায় মৌমাছিগুলো ভোঁ ভোঁ শব্দে ঘরের ভেতরের খাটের পাশে চাক বাঁধে। তিন মাস ধরে একই ঘরে একসঙ্গে আছি। ঘরে সব সময় চলাচল করছি, কাউকে কামড় দেয়নি।’
ওই গ্রামের বাসিন্দা বসিরুজ্জামান বলেন, ‘মৌমাছির কথা শুনে আমি ওই বাড়িতে গিয়েছি। মৌমাছি যেভাবে বাসা বেঁধেছে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উকিল চন্দ্রের দুই ছেলে শুভ ও সাগর বলে, ‘মৌমাছি আমাদের ঘরে থাকায় ভোঁ ভোঁ শব্দ শুনে অনেক ভালো লাগে। আমাদের কখনো কামড় দেয় না।’
এ ব্যাপারে উকিল চন্দ্র বলেন, ‘মৌমাছির সঙ্গে তিন মাস ধরে বসবাস করছি, কোনো সমস্যা হচ্ছে না। শুধু রাতে ওই ঘরে আলো জ্বালাতে পারি না। আলো দেখলে সব মৌমাছি আলোর কাছে চলে আসে।’