মৌমাছির সঙ্গে মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনতলা বিশাল ভবনের জায়গায় জায়গায় মৌচাক। ভবনের আশপাশের গাছেও মৌমাছি অবস্থান নিয়েছে; বেঁধেছে মৌচাক। কয়েক বছর ধরে একটা নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় মৌমাছির আসা-যাওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাদের অপূর্ব মিতালি গড়ে উঠেছে। যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী ফকিরবাগান মহিলা মাদ্রাসায় এ বছরও মৌমাছি শতাধিক চাক গড়ে তুলেছে।সরেজমিনে দেখা গেছে, ভবনের বাইরের দেয়ালে, কার্নিশে ঝুলে আছে প্রায় ৮০টি মৌচাক। শ্রেণীকক্ষের ভেতরেও ঝুলছে মৌচাক। আশপাশের আম, কাঁঠাল, লিচু, কুল, পেয়ারা ও জলপাই গাছে চাক তৈরি করে আশ্রয় নিয়েছে মৌমাছি। মধু সংগ্রহে গুঞ্জন করে এখান থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে মৌমাছি; আবার ফিরে আসছে। এরই মধ্যে মাদ্রাসায় চলছে পাঠদান। শিক্ষকেরা জানান, মাদ্রাসার পাশেই পুড়াখালী ও মথুরাপুর বিল। বিল দুটিতে সরিষার অনেক আবাদ হয়। তা ছাড়া এলাকায় অসংখ্য খেজুরগাছ আছে। অগ্রহায়ণে মৌমাছি এসে মৌচাক তৈরি করে। এরপর সরিষার ফুল ও খেজুরের রস থেকে মধু সংগ্রহ করতে থাকে। চৈত্রের শেষের দিকে বেশির ভাগ মৌমাছি আম ও লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ করে। এরপর অনেক মৌমাছি রাজশাহী অঞ্চলের দিকে চলে যায়।তাঁরা আরও জানান, ছয়-সাত বছর ধরে মৌমাছি মাদ্রাসাটিতে মৌচাক তৈরি করছে। দিনে দিনে মৌমাছির সংখ্যা বাড়ছে। বাড়ছে মৌচাকের সংখ্যাও। এ বছর মাদ্রাসার ভবন ও বিভিন্ন গাছে ছোট-বড় মিলিয়ে শতাধিক মৌচাক তৈরি হয়েছে। মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘মাদ্রাসার কেউ মৌমাছিদের বিরক্ত করে না। মৌমাছিও আমাদের কামড়ায় না।’ মাদ্রাসার সহকারী মুহতামিম (সহকারী প্রধান) সাজ্জাদুর রহমান বলেন, ‘পরিবেশটা নিরুপদ্রব হওয়ায় প্রতি বছর বাড়ছে মৌমাছির সংখ্যা। মৌচাক থেকে মধু সংগ্রহের সময় অনেক মৌমাছি মারা যায়। এ জন্য আমরা মধু সংগ্রহ করি না। মৌমাছিরা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, উপজেলার প্রায় ৮০ শতাংশ সরিষা মথুরাপুর ও পুড়াখালী এলাকায় চাষ হয়। তা ছাড়া ওই এলাকায় অনেক খেজুরগাছ রয়েছে। অনুকূল পরিবেশ এবং খাদ্য নিশ্চিত হওয়ায় রবি মৌসুমে মৌমাছি এখানে এসে নির্বিঘ্নে মৌচাক তৈরি করছে।