মৌমাছির হুলে কৃষকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় মৌমাছির হুলে রবিউল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা দক্ষিণ শরুশুনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের কৃষক রবিউল মাঠের কাজ শেষে সন্ধ্যায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি মৌচাকের মৌমাছিগুলো ঝাঁক বেঁধে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মৌমাছির হুল খেয়ে তিনি অসুস্থ হয়ে সেখানেই পড়ে থাকেন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আব্বাস উদ্দিন বলেন, মৌমাছির হুল খেয়েই ওই ব্যক্তি মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে মৌমাছির অসংখ্য হুল ফোটানো ছিল।