মৌয়ালকে নিয়ে গেছে বাঘ
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে এক মৌয়াল বাঘের হামলার পর নিখোঁজ রয়েছেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দুনে এলাকায় বাঘটি তাঁকে টেনেহেঁচড়ে বনের গভীরে নিয়ে যায়।
ওই মৌয়ালের নাম ইউনুস আলী (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
ইউনুসের সহযোগী মৌয়াল দাতিনাখালী গ্রামের ইদ্রিস আলী মোড়ল জানান, তাঁরা সাত সদস্যের একটি দল ১ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহের জন্য যান। বুধবার দিনভর মধু সংগ্রহ করে সন্ধ্যায় নৌকায় ফেরার পথে দুনে এলাকায় পৌঁছালে একটি বাঘ ইউনুস আলীর ওপর হামলা করে। এ সময় তাঁরা হাতে থাকা লাঠি ও দা দিয়ে আঘাত করে বাঘের কবল থেকে ইউনুস আলীকে রক্ষার চেষ্টা করেন। পাঁচ থেকে সাত মিনিট লড়াইয়ের পর বাঘটি ইউনুস আলীকে টেনেহেঁচড়ে নিয়ে দ্রুত বনের গভীরে চলে যায়। অন্ধকার নেমে আসার আগ পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাঁরা লোকালয়ে ফিরে বন বিভাগ ও স্বজনদের বিষয়টি জানান।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা নাইমুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত লাশ উদ্ধার করা যায়নি।