নারী অধিকার কর্মী ও নেত্রীরা বলেছেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ করতে বাহাত্তরের সংবিধানের আলোকে সব ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সম্প্রদায়ের নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শুরু হওয়া বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে অভিন্ন পারিবারিক আইন ও ফতোয়াবিরোধী আইন প্রণয়ন এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা দরকার। তিনি আরও বলেন, সিডও সনদসহ মানবাধিকারবিষয়ক নয়টি কনভেনশন বাস্তবায়নে মহিলা পরিষদের আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে নরওয়ের রাষ্ট্রদূত রাঙ্গনে বিরেত লুন্ড বলেন, বিশ্বব্যাপী নারীর অ-আর্থিক (গৃহকর্মসহ) কাজের মূল্যায়ন করা জরুরি। বাংলাদেশের তৃণমূলের নারীরা তাঁকে উজ্জীবিত করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, উন্নয়নের সহযোগী হিসেবে নরওয়ে সব সময় বাংলাদেশকে সাহায্য করবে।অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, আইনজীবী রত্না বেগম প্রমুখ বক্তব্য দেন। সভায় সংগঠনের বিভিন্ন জেলা শাখা ও কেন্দ্রীয় নেতাসহ প্রায় আড়াই শ প্রতিনিধি অংশ নেন। আজ সভার শেষ দিন।