গণতন্ত্র বিকাশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে প্রতিহত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিষদের দুই দিনব্যাপী জাতীয় পরিষদের সভার সমাপনী অধিবেশনে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, স্বাধীনতাযুদ্ধে অরাজকতা ও ক্ষমতা কুক্ষিগত করতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি নারীর বিরুদ্ধে অমানবিকতা ও মৌলবাদী বাধাকে মোকাবিলায় নারী আন্দোলনকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও নারী আন্দোলনের অর্জন ধরে রাখার পথে বাধা। এ বাধা দূর করতে অসাম্প্রদায়িকতার চর্চা করতে হবে। তিনি নারী-পুরুষ সবাইকে ’৭২-এর সংবিধানের মূল নীতিতে ফিরে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অধিবেশনে আলোচনা করেন মহিলা পরিষদের ফওজিয়া মোসলেম, রাখী দাস পুরকায়স্থ, রেখা চৌধুরী, পুষ্প চক্রবর্তী প্রমুখ।
সভায় ৫৫টি জেলা শাখার ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দসহ তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। বিজ্ঞপ্তি।