মৌলবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তব্য দেন দলের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস, হাফিজুর রহমান ভূঁইয়া, বশিরুল আলম । ছবি: প্রথম আলো
রাজশাহীতে গতকাল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তব্য দেন দলের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস, হাফিজুর রহমান ভূঁইয়া, বশিরুল আলম । ছবি: প্রথম আলো

দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ এবং ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতার মধ্যে যোগসূত্র রয়েছে। এর মাধ্যমে এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। এই মৌলবাদ মোকাবিলায় এ অঞ্চলের সব উদার, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলের কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী নগরের পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
‘সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, মৌলবাদী হুমকি: প্রেক্ষিত দক্ষিণ এশিয়া’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহউপাচার্য সুশান্ত কুমার দাশ। ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ভারতের সিপিআই পার্টির পলিটব্যুরো সদস্য রামচন্দ্র পিল্লাই, শ্রীলঙ্কার জেভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসান্তা সামারসিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নূরল আলম প্রমুখ।
সেমিনারে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই অঞ্চলে সাম্প্রদায়িকতা সব সময়ই ছিল। সব খানেই এখন আমরা মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি। বাংলাদেশে ইসলামী মৌলবাদ, ভারতে হিন্দু মৌলবাদ, শ্রীলঙ্কায় বৌদ্ধ মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমাদের দেশে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলো গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের ধর্মের নামে বিভ্রান্ত করছে। তাদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে মৌলবাদে উৎসাহিত করছে।’
গত বৃহস্পতিবার থেকে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস শুরু হয়। ২৭ এপ্রিল কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কংগ্রেস শেষ হবে।