ধর্মীয় ও রাজনৈতিক মৌলবাদের চরিত্র সর্বজনীন হয়ে উঠেছে বলে তার মোকাবিলাও স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যায়ে হওয়া আবশ্যিক। দক্ষিণ এশিয়ায় মৌলবাদের মোকাবিলা নিয়ে দিল্লিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্রের শেষে এই অভিমতই বেরিয়ে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলবাদের মোকাবিলায় আঞ্চলিক টাস্কফোর্স গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তা-ও প্রাসঙ্গিক বলে অধিকাংশ আলোচক মনে করেন।
এই আলোচনা চক্রের আয়োজক ছিল ফ্রেন্ডস অব বাংলাদেশ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (আইআইসি)। গত শনিবার শুরু হওয়া এই আলোচনা চক্র শেষ হয় গতকাল রোববার।
আলোচনা চক্রে এই অভিমত ব্যক্ত করা হয় যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই যেমন বিশ্বস্তরে ছড়িয়ে পড়েছে, দক্ষিণ এশিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক মৌলবাদকে প্রতিহত করতেও তেমনই সর্বাত্মক প্রচেষ্টা জরুরি। মিলিটারি দিয়ে মৌলবাদের মোকাবিলা যেমন সম্ভব নয়, তেমনই স্বল্পমেয়াদি ব্যবস্থাও কার্যকর নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ব্যবস্থার।
আলোচনা চক্রের শেষ দিন গতকাল বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ এই দুই মেয়াদি ব্যবস্থার ব্যাখ্যা করেন। তিনি বলেন, দারিদ্র্য হলো ধর্মীয় মৌলবাদ বিকাশের সেরা হাতিয়ার। সে জন্য দারিদ্র্য দূরীকরণ ও বেঁচে থাকার পরিবেশের সার্বিক উন্নয়ন খুবই জরুরি। পাশাপাশি প্রয়োজন শিক্ষা ও জ্ঞানের উন্মেষ। সে জন্য চাই নিরন্তর প্রচেষ্টা। সেই সঙ্গে দরকার অর্থের উৎসে ঘা দেওয়া। তিনি বলেন, ধর্মীয় মৌলবাদ ও রাজনীতির মিশেল ক্রমে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিদের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রচুর অর্থ সাহায্য আসছে মৌলবাদীদের হাতে। এই উৎস বন্ধ করা জরুরি।
ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও সাংবাদিক শাহরিয়ার কবির মনে করেন, বাংলাদেশ ও ভারতের প্রধান চ্যালেঞ্জ মৌলবাদের বিকাশ। ভারতে মৌলবাদ ক্রমে সন্ত্রাসবাদে রূপ নিয়েছে, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ রাজনৈতিক পরিসর দখল করতে চাইছে। দুই দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ চরিত্রই এর ফলে ক্রমে বিপন্ন হতে পারে।
মুনতাসীর মামুন বলেন, ভারতের গণতন্ত্র সুদৃঢ় বলে আন্তর্জাতিক প্রভাব সেভাবে পড়ে না, কিন্তু বাংলাদেশে পড়ে। ভারতে সরকার বদল ঘটলে বা সম্ভাবনা দেখা দিলে বাংলাদেশের মানুষ তাই আশঙ্কিত হয়।