মৌলবাদ রুখে দাঁড়ানোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, পিতৃতান্ত্রিকতা ও নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করে এমন সব তৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়ে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র উদ্যোগে দিনব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বাংলাদেশে নারী ও মানবাধিকার বিষয়ে কর্মরত কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) পাঁচ শতাধিক প্রতিনিধি এই প্রতিবাদ সভায় অংশ নেন। সভায় বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন এবং এই সংবিধানের আলোকে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক নারী-পুরুষের সমতাপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। সভাপতির বক্তব্যে আয়শা খানম বলেন, বাংলাদেশের নারী-পুরুষনির্বিশেষে গণমানুষের বোধ-বুদ্ধি-বিবেচনাকে একটি বিশেষ গোষ্ঠী আঘাত করেছে। আর সংসদে আহমদ শফির বক্তব্যকে সমর্থন করা হচ্ছে। আমরা এই সংসদের জন্য সংগ্রাম করিনি। এ ধরনের দায়িত্বহীন আচরণ প্রতিহত করতে হবে। মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি সাধারণ শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান তিনি। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে দৃঢ় ভূমিকা রাখছে না। তিনি বলেন, আহমদ শফি যে মন্তব্য করেছেন, তা কেবল নারীর জন্য নয়, পুরুষের জন্যও অপমানজনক। মৌলবাদ মানবতা ও মনুষ্যত্বের শত্রু। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যদি কোনো আপস হয়, তাহলে সরকারকেও জবাবদিহি করতে হবে। নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, এ দেশের নারীরা যখন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে বিশ্বব্যাপী উদাহরণ তৈরি করছেন, তখনই মৌলবাদীরা নারীর বিরুদ্ধে কটূক্তি করছেন। ঢালাওভাবে এ দেশের তরুণদের নাস্তিক আখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, উইমেন ফর উইমেনের সাবেক সভাপতি মাহমুদা ইসলাম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আক্তার, নারী মুক্তি সংসদের হাজেরা সুলতানা প্রমুখ।