মৌলবাদ, হরতালের রাজনীতি কার্যত অপসারিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে মৌলবাদ ও হরতালের রাজনীতি কার্যত অপসারিত হয়েছে। রাজনৈতিক প্রতিবাদের ভাষা যে শালীন হওয়া উচিত, সে কথা বিরোধী রাজনীতিকেরা বুঝতে পেরেছেন।
শনিবার নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলা উদ্বোধনের পর অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সদস্য হিসেবে তিনি অত্যন্ত সন্তুষ্ট। ‘খুব আনন্দে আছি, এই আনন্দ নিয়ে চলে যেতে যাই,’ বলেন তিনি।
পরে, এক আলাপচারিতায় অর্থমন্ত্রী বর্তমান সরকারের সাফল্যের কয়েকটি দিক তুলে ধরেন। তিনি জানান, বিদ্যুৎ খাতে বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নেই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের অর্থনীতি বিশ্ব মন্দাবস্থার মুখেও ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এই ধারাবাহিকতায় আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অতিক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, যে দুটি খাতের অগ্রগতি সন্তোষজনক নয়, তার একটি হলো মানবসম্পদের উন্নয়ন। তিনি জানান, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ এগিয়ে থাকলেও মাধ্যমিক শিক্ষাব্যবস্থা এখনো দুর্বল। ছাত্রসংখ্যা বাড়লেও শিক্ষার মান ‘খুবই দুর্বল’। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়।
অন্য যে খাতের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে, সেটা হলো স্বাস্থ্য। অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের প্রসার হয়েছে, কিন্তু পর্যাপ্ত ‘স্বাস্থ্যসেবী’ নেই। ডাক্তার ও নার্সের যথেষ্ট অভাব রয়েছে। স্বাস্থ্য খাতে পরিবর্তনের লক্ষ্যে আগামী বাজেটে কিছু দিকনির্দেশনা থাকবে।
একই অনুষ্ঠানে পরে অর্থমন্ত্রী তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা সোনালী দিনগুলি নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।