‘প্রগতিমনা মানুষদের নিষ্ক্রিয়তার কারণে মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বাংলাদেশের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হানতে অপচেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার সমাজ গড়ে তুলতে চাইলে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে কোনোভাবেই আপস করা চলবে না।’
গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বন্ধে মৌলবাদী গোষ্ঠীর হুমকি এবং সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের দাবির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী সংসদ। নগরের আলুপট্টি চত্বরে বিকেল সাড়ে পাঁচটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পাকিস্তান আমলে এ দেশে রবীন্দ্রসংগীত চর্চার ওপর আঘাত এসেছে, জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকাকালে বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তির সরকার ক্ষমতায় থাকার পরও মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে; যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা বলেন, মৌলবাদের শিকড় উপড়ে ফেলার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করা চলবে না, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেশি বেশি চর্চার সুযোগ তৈরি করতে হবে।
বক্তারা বলেন, আজ হেফাজতের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের অপচেষ্টা চলছে। আজ তাদের এই দাবি মেনে নিলে একসময় তারা সারা দেশ থেকেই ভাস্কর্য অপসারণের দাবি তুলবে।
উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী সংসদের সভাপতি আলমগীর মালেকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায় প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী সংসদের সম্পাদক সুজিত সরকার।