মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করাসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি দিয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ নামের একটি সংগঠন। আজ সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন করবে।সংগঠনের পাঁচ দফা দাবি হলো: জামায়াতসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে শেষ করে বিচার কার্যকর করা, জামায়াত-শিবিরসহ সব ধর্মভিত্তিক দলের অর্থের উৎস বন্ধ করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের সাধারণ মানুষের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা।সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল সাংবাদিকদের জানান, জামায়াতসহ ধর্মভিত্তিক ও মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। এটা আসলে সময়ের দাবি। আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের পক্ষেও তরুণদের অবস্থান সুস্পষ্ট। একাত্তরে যেই চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনা থেকে রাষ্ট্র অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু তরুণ সমাজ দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতে দেবে না। প্রয়োজনে একাত্তরের মতো তরুণেরা আবার জেগে উঠবে। এখন সেই ক্ষেত্র তৈরি করতে হবে।