আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর জন্য ধর্মীয় উগ্রবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ রোববার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন।
সাংসদ লিটনের হত্যাকাণ্ডকে পাশবিক ও বর্বরোচিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের এমপির খুন—একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, এটি সাম্প্রদায়িক অপশক্তির ঠান্ডা মাথায় কাপুরুষোচিত হত্যা। এটা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সারা দেশ যখন উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল, সেই মুহূর্তে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বর্ষবরণের আনন্দধারার ওপর বর্বরোচিত আক্রমণ করেছে। নতুন বছরে দেশবাসীকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কোনো অপশক্তি চলমান উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারাকে ব্যাহত করতে পারবে না। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন খুনিদের পৃষ্ঠপোষকতা, আশ্রয়-প্রশ্রয় দিয়ে যেসমস্ত মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে, জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে আমরা তাদের প্রতিরোধ করব, পরাজিত করব, ইনশা আল্লাহ।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিকভাবে সকল অপশক্তিকে মোকাবিলায় প্রস্তুত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এমপি লিটনের হত্যাকাণ্ডে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের চরম মূল্য দিতে হবে।’
আওয়ামী লীগের খুলনা মহানগর নেতা জেড এ মাহমুদ ডনের ওপর গুলিবর্ষণের সময় পথচারী শিপ্রা কণ্ডুর নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।