
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মৌলবাদীরা তরুণদের ভুল পথে নিচ্ছে। যেসব শক্তি তাঁদের বিপথে নিচ্ছে, তাদের জবাব দেওয়া হবে। আমাদের এগুলো থামাতেই হবে।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে ও শিশুশ্রম বন্ধে ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ প্রচারণার অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।
কৈলাস সত্যার্থী বলেন, শিশুর অধিকার রক্ষায় একটি ‘জাতীয় ন্যায়পাল’ গঠন করা যেতে পারে। পৃথিবীর অনেক দেশেই শিশু অধিকার রক্ষায় এ ধরনের কাঠামো আছে। শিশুর প্রতি নির্যাতন, শোষণ প্রতিরোধের পাশাপাশি মানসম্মত শিক্ষাসহ শিশুর সব অধিকার নিশ্চিত করবে। বাংলাদেশের সব শিশুর সব অধিকার রক্ষায় প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কাঠামো করা যেতে পারে।
তিনি বলেন, সমাজের উন্নয়ন ও শিশুদের ভালোর জন্য রাষ্ট্র, করপোরেট প্রতিষ্ঠান, সুশীল সমাজ, ধর্মীয় নেতারা এবং তরুণেরা—এই পাঁচটি শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া আইন ও নীতিমালার বাস্তবায়নও দরকার।
রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে কৈলাস সত্যার্থী বলেন, রোহিঙ্গাদের তো কোনো দোষ নেই, তাদের শিশুদের হত্যা করা হচ্ছে। তাঁর মতে, শিশুদের বৈশ্বিক নাগরিক ভাবা উচিত।
সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধূরী বলেন, এটা একটা বৈশ্বিক অভিযান আর বাংলাদেশ এই প্রচারণার দ্বিতীয় দেশ। এই আন্দোলন এগিয়ে নিতে গণমাধ্যমের বড় ভূমিকা আছে।