মৌলবাদীরা নারী শিক্ষায় বাধা হবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৌলবাদী বা ধর্মান্ধরা বাংলাদেশে মেয়েদের শিক্ষা লাভের ক্ষেত্রে কোনো বাধা হবে না। কারণ জনগণ তাদের জন্য কোনটি ভালো এবং কোনটি ভালো নয় সে ব্যাপারে সচেতন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ‘গার্লস লিড দি ওয়ে’ শীর্ষক বক্তৃতায় এ কথা বলেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিডার্স ফোরামে সারা বছর ধরে সমসাময়িক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, মৌলবাদী শক্তি একসময় মেয়েদের শিক্ষায় বিরোধিতা করত। তবে সেই সময় গত হওয়ায় আমরা এখন সে চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছি। আমরা যদি তাদের শিক্ষা দিতে এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সক্ষম করে তুলতে পারি, তাহলে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।
ফোরামের বিগত অধিবেশনগুলোতে অনেক রাষ্ট্রপ্রধান অংশ নেন। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এবং নানা ক্ষেত্রে বৈশ্বিক চিন্তাবিদেরা এতে অংশ নিয়ে থাকেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চিলির মিশেল বাশেলে, চেক প্রজাতন্ত্র ভি ক্লাভ ক্লাউস ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা এ ফোরামে অংশ গ্রহণকারীদের মধ্যে ​ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লী সি বোলিঙ্গার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং সূচনা বক্তব্য দেন। তিনি পরে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। তিনি ব্যাপক চ্যালেঞ্জের মুখে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকাগুলো এখনো পিছিয়ে রয়েছে। এখনো প্রায় ৬০ মিলিয়ন শিশু স্কুলের বাইরে রয়েছে এবং তাদের ৭৫ শতাংশ মেয়ে। আমরা তাদের পেছনে ফেলে রাখতে পারি না। তাই, উন্নয়ন এজেন্ডায় এসব শিশুদের রাখতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত শিক্ষার্থীরা
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের পর কিছু উত্সাহী শিক্ষার্থী সব প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ও সেলফি তুলতে মঞ্চে ওঠেন। বাংলায় বক্তব্য দেওয়ার জন্য বাঙালি এবং বিদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবন গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দেশীয় শিক্ষার্থীদের বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং মাতৃভূমির উন্নয়নের স্বার্থে তাদের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য দেশে ফিরে আসার আহ্বান জানান।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষা ও আর্থিক স্বাধীনতা দিয়ে প্রত্যেক নাগরিককে বিশেষ করে মেয়েদের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফ্রান্সের শিক্ষার্থী রেবেকা পড়াশোনা করছেন অর্থনীতিতে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে তিনি অনুপ্রাণিত। তিনি আরও খুশি হয়েছেন যে, বিশ্ব নেতৃবৃন্দ মেয়েদের পক্ষে কথা বলছেন। আমি বাংলাদেশ সম্পর্কে খুব কম জেনেছি। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মেয়েদের শিক্ষালাভ করার গতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী স্মিতা সেন বলেন, তার যে কি রকম ভালো লাগছে সে অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। বায়োমেডিকেলের শিক্ষার্থী অপরজন স্মিতা বলেন, এটি স্বপ্নের মতো। এটি উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক।
‘এ লেভেল’ শেষ করে এক মাস আগে বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে এ ক্যাম্পাসে পড়তে আসা সাইতি বলেন, তার ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখে এবং তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনে সে খুবই উদ্দীপ্ত।