মৌলবাদের সঙ্গে আপস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে ঢাকায় এক স্মারক বক্তৃতায় অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, মুক্তিযুদ্ধের রাজনীতি বর্তমানে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপস করে চলছে। আদর্শিক প্রগতিশীল রাজনীতির মাধ্যমে এই আপস করা রুখতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সিরাজুল ইসলাম মিলনায়তনে ‘খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ড: পটভূমি ও শিক্ষা’ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। খাপড়া ওয়ার্ড ফাউন্ডেশন এই স্মারক বক্তৃতার আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ স্মারক বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে সরকার সাম্প্রদায়িক চরিত্রের কাছে মাথা নত করেছে। কেমন করে কওমি মাদ্রাসার শিক্ষার সনদের অনুমতি দেওয়া হলো? তিনি বলেন, যত ছোট করেই হোক না কেন আদর্শিক প্রগতিশীল রাজনীতিকে ঐক্যবদ্ধ করে এটা রুখতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে।

স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, এ দেশ আজ মুক্তিযুদ্ধের দেশ নেই। এ দেশ সাম্প্রদায়িকতা, পাকিস্তানের পথে এবং সেই পাকিস্তানি মতাদর্শের দিকে ধাবিত হচ্ছে। খাপড়া ওয়ার্ডের বাম নেতারা দেশের জন্য যেভাবে আত্মত্যাগ করেছিল, সেই অনুপ্রেরণায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে।

ওই ঘটনায় আহত বাম নেতা প্রসাদ রায়ের মেয়ে বৃত্বা রায় দীপা বলেন, ‘সেই রাতে রাজবন্দীরা খাপড়া ওয়ার্ড ছেড়ে যেতে চাননি। তাঁদের গুলি করে হত্যা করা হয়। আপস না করার সেই সিদ্ধান্ত আজও আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়।’

এ ছাড়া স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, সাংবাদিক অজয় দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।

১৯৫০ সালের ২৪ এপ্রিল রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ‘খাপড়া ওয়ার্ড’ হত্যাকাণ্ডে ৭ জন নিহত এবং ৩৩ জন আহত হন। এঁদের বেশির ভাগ ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা-কর্মী। তাঁদের স্মরণে দিনটিকে ‘খাপড়া ওয়ার্ড দিবস’ হিসেবে পালন করা হয়।