আড়াই হাজার শিক্ষার্থীকে নিয়ে প্রাণবন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইন ধরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
লাইন ধরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

শীতের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে আজ শনিবার রংপুর, মৌলভীবাজার ও কুষ্টিয়ায় হয়ে গেল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে এবারের উৎসবের অঙ্গীকার হলো ‘গণিতের মাধ্যমে জয় করতে হবে পৃথিবীকে’। 

আজ অনুষ্ঠিত পৃথক তিনটি উৎ​সবে ১১ জেলার আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। মজার মজার নানা প্রশ্ন, পরীক্ষা, ফলাফল, পুরস্কার—সব মিলিয়ে দারুণ প্রাণবন্ত ছিল এসব উৎ​সব।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
রংপুর: শীতের কুয়াশা ঢাকা সকাল। হিম হিম বাতাস। সব উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকেরা উপস্থিত হন। রংপুরের আঞ্চলিক গণিত উৎ​সবে যোগ দিতে। বাদ্যযন্ত্রের মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এই উৎসবে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১২০ শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীমা নূর। আন্তর্জাতিক গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক শিশ মুহ. আবু হানিফা, বাংলাদেশ গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের গণিত বিভাগের প্রভাষক রুহুল আমিন। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন শামীমা নূর।
শামীমা নূর বলেন, গণিত উৎসব শুরু থেকেই জিলা স্কুলে হয়ে আসছে। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ভয় অনেকটা দূর হয়েছে।
উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ক্লাসে চলে যায়। সকাল সাড়ে নয়টায় শুরু হয় সোয়া ঘণ্টার মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষা শেষে স্কুল মাঠের বটতলার মঞ্চে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। ‘শূন্যকে জোড় সংখ্যা বলা হয় কেন’, ‘আকাশের তারা কেন গণনা করা যায় না’, ‘রাতের বেলা যখন আমরা চলাচল করি তখন আকাশের চাঁদ-তারাও কেন আমাদের সঙ্গে সঙ্গে যায় বলে মনে হয়’—এমন নানা মজার মজার প্রশ্ন করেন শিক্ষার্থীরা। এসব প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মুহাম্মদ শামসুজ্জামান, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের গণিত বিভাগের প্রভাষক রুহুল আমিন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির জাভেদ পারভেজ।
প্রশ্নোত্তর পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক শিশ মুহ. আবু হানিফা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক গণিত অলিম্পিয়াডের পাশাপাশি দরিদ্র অসহায় দুস্থ শিক্ষার্থীদের বৃত্তিও দিয়ে আসছে। এ ছাড়াও বক্তব্য দেন রংপুর বন্ধুসভার সভাপতি রুম্মান উল আলম, প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।
উৎ​সবে চার ক্যাটাগরিতে ৬১ জন বিজয়ীকে সনদ প্রদান করা হয়। পরিয়ে দেওয়া হয় পদক ও টি-শার্ট। এর মধ্যে প্রাথমিকে ১৬ জন, জুনিয়রে ২১, মাধ্যমিকে ১৬ ও উচ্চমাধ্যমিকে ৮ জন বিজয়ী হন।
মৌলভীবাজার: শীতের সকালে গণিতপ্রেমীদের পদচারণায় মুখরিত মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণিত উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাফিজা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। গণিতের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন। জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার মৌলভীবাজারের সদস্যরা।

শীতের সকালে মায়ের হাত ধরে গণিত উৎসবে আসে এক খুদে শিক্ষার্থী। ছবিটি কুষ্টিয়া কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
শীতের সকালে মায়ের হাত ধরে গণিত উৎসবে আসে এক খুদে শিক্ষার্থী। ছবিটি কুষ্টিয়া কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

সকাল ১০টায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। সোয়া ১১টা পর্যন্ত তা চলে। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রায় ৬০০ শিক্ষার্থী চারটি বিভাগে এই উৎ​সবে অংশ নেয়। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব, তারপর পুরস্কার বিতরণ করা হয়।
কুষ্টিয়া: আগের রাতের বৃষ্টিতে শীত যেন জেঁকে বসেছে। তবে কনকনে শীতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রায় এক হাজার খুদে গণিতপ্রেমী জড়ো হয় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে।
সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া বন্ধুসভার সাংস্কৃতিক দলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন। জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী। আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার কর্মকর্তা ইয়াহিয়া খান। এরপর অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে খেলার মাঠে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরীক্ষার হলে গণিতের সমস্যা সমাধানে মগ্ন এক শিক্ষার্থী। ছবিটি কুষ্টিয়া কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
পরীক্ষার হলে গণিতের সমস্যা সমাধানে মগ্ন এক শিক্ষার্থী। ছবিটি কুষ্টিয়া কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

এ সময় শুভেচ্ছা বক্তব্যে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের সবার চিন্তায় গণিত (হিসাব-নিকাশ) থাকে। আমাদের সকাল শুরু হয় গণিত দিয়ে, রাতও শেষ হয় গণিত দিয়ে। বলতে গেলে মৃত্যু পর্যন্ত গণিতের ব্যবহার। এটাকে জয় করতে পারলে পথ চলা সহজ হবে।’
সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এক ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎ​সব শেষ হয়।