মৌলভীবাজার ও জামালপুরে ৩৯৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানি ওঠায় গত ২৮ আগস্ট থেকে জামালপুরে ৩৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে পাঠদান বন্ধ থাকায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। একই কারণে মৌলভীবাজারের বড়লেখায় চারটি বিদ্যালয়ও বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, বিদ্যালয় প্রাঙ্গণ, আশপাশ ও শ্রেণিকক্ষে পানি থাকায় কর্তৃপক্ষ এসব বিদ্যালয় বন্ধ রেখেছে। বন্যার পানি নেমে গেলে এগুলো খুলে দেওয়া হবে।
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১৩৫টি। প্রথম দফার বন্যায় পানি ওঠায় ১২২টি স্কুল এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় দফা পানি ওঠায় গত ২৮ আগস্ট থেকে পুনরায় ৩১০টি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে বিদ্যালয়গুলোতে হাঁটু থেকে বুকপানি রয়েছে।
জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫৫০ টি উচ্চবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার মধ্যে ৮১টিতে বন্যার পানি উঠেছে। ফলে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বুধবার ইসলামপুর উপজেলার বামনা, পশ্চিম বামনা, বলিয়াদহ, পূর্ব বামনা, ডেবরাইপ্যাচ, চিনাডুলী, পশ্চিম বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়; চিনাডুলী এসএম, বলিয়াদহ উচ্চবিদ্যালয় এবং খানপাড়া দাখিল মাদ্রাসাসহ বেশ কিছু বিদ্যালয়ে সরেজমিন দেখা যায়, ভেতরে হাঁটু ও বুকপানি। পানির মধ্যে বেঞ্চ, চেয়ার, টেবিল ও স্কুলের আসবাব ভাসছে।
ইসলামপুর উপজেলার দেলীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নাঈম রহমান বলে, ‘বাড়িতে পানি, স্কুলেও পানি। চারদিকে শুধু পানি। সামনে সমাপনী পরীক্ষা, বন্যার কারণে ঠিকমতো প্রস্তুতিও নিতে পারছি না।’
ইসলামপুর উপজেলার খানপাদা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সমাপ্তি আক্তার বলে, বন্যায় প্রথম দফায় প্রায় এক সপ্তাহ মাদ্রাসা বন্ধ ছিল। বন্যার পানি কমে যাওয়ায় ক্লাস শুরুর দু-তিন দিনের মধ্যে আবার পানি ওঠায় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন ধরে মাদ্রাসা বন্ধ রয়েছে। ১৩ দিন ধরে একটুও বই নিয়ে বসা সম্ভব হয়নি। বাড়িতেও গলাপানি। এ কারণে লেখাপড়া বন্ধ রয়েছে।
ইসলামপুর উপজেলার চিনাডুলি বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান হাবিব বলেন, গত মঙ্গলবার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি সরে গেলে শ্রেণিকক্ষ পরিষ্কার করে পাঠদান শুরু করা হবে। গতকাল বৃহস্পতিবারও বিদ্যালয়ে হাঁটুপানি রয়েছে। তবে সমাপনীর পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে।
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, বেশির ভাগ স্কুল থেকে পানি এখনো নামেনি। পানি নামার সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করা হবে। ইসলামপুরের ১২টি বিদ্যালয়ে শনিবার থেকে পাঠদান শুরু হবে।
বন্যার কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরসংলগ্ন তিনটি ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার বড়লেখা উপজেলার সোনাই নদী ও হাকালুকি হাওরে পানি বেড়ে গেছে। এতে উপজেলার বর্নি, তালিমপুর ও সুজানগর ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ে আসা-যাওয়ার পথ ও মাঠ ডুবে গেছে। এগুলো হচ্ছে আসুস সাত্তার, কাজীরবন্দ, পশ্চিম বর্নি, পাকশাইল, কান্দিগ্রাম-নিহারী, মনারাই, ভোলারকান্দি, পাটনা, কোটালপুর, বাঘমারা, ইসলামপুর, হাকালুকি, হাল্লা, শ্রীরামপুর, মুর্শিবাদকুড়া ও পাবিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে মনারাই, ভোলারকান্দি, হাল্লা ও পূর্ব শংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।