মৌলভীবাজারের কুলাউড়া ও নেত্রকোনার কলমাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বিদ্যালয়ছাত্রী ও এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রলির নিচে চাপা পড়ে গতকাল বুধবার বিদ্যালয়ছাত্রীর মৃত্যু হয়। আগের দিন মঙ্গলবার কলমাকান্দায় ট্রলিচাপায় মারা গেছে দেড় বছরের এক শিশু। এলাকাবাসী জানায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের হিংগাজিয়া এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে একটি ট্রলির নিচে চাপা পড়ে সোনিয়া দাস নামের এক ছাত্রী মারা গেছে। সে হিংগাজিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ট্রলিচালক শামীম মিয়াকে (২৫) আটক ও ট্রলিটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোস্তাফিজুর রহমানের স্ত্রী আসমা আক্তার তাঁর দেড় বছরের মেয়ে রাহা আক্তারকে নিয়ে রিকশাযোগে কলমাকান্দার ইজারাকান্দা থেকে সিধলী যাচ্ছিলেন। একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দিলে শিশুটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সিধলী তদন্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ট্রলির চালককে আটক করা হয়েছে।