মৌলভীবাজার ও ব্রাহ্মণপাড়ায় ছয়টি বাড়িতে ডাকাতি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে গত রোববার রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে।
একই রাতে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন ডাকাত মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে ঢুকে পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়ায়। এরপর তারা মো. কাইয়ুমের পাকা বাড়ির ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতেরা খোরশেদ আলম ভূঁইয়ার ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, এক লাখ ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে। পরে ডাকাতেরা জহির ভূঁইয়ার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩৫ হাজার টাকা এবং সোলেমান ভূঁইয়ার ঘরে ঢুকে পাঁচ হাজার টাকা লুট করে। শেষে ডাকাত দলটি অবসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ন কবীর ভূঁইয়ার ঘরে ঢুকে দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামের আজাদ মিয়ার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ফেলে। পরে তারা আলমারি ভেঙে ৪৫ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ কম্পিউটার ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে গৃহকর্তা আজাদ মিয়া, তাঁর স্ত্রী মিলন বেগম, ছেলে সুজন মিয়া এবং কাজের ছেলে স্বপন আহত হন। গুরুতর আহত আজাদ ও স্বপনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।