মৌলভীবাজার ও সিলেটে দীর্ঘস্থায়ী বন্যার ৪ কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খননের অভাবে ভরাট হয়ে গেছে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদী। স্রোতের তোড়ে নদীর পলিমাটি গিয়ে পড়ছে হাওরগুলোতে। এই অবস্থায় নদী ও হাওরের পানিধারণের ক্ষমতা কমে গেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে উজান থেকে নেমে আসা মাত্রাতিরিক্ত পাহাড়ি ঢল।

সিলেট ও মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার পেছনে প্রাকৃতিক এই দুই কারণের পাশাপাশি মানবসৃষ্ট দুটি কারণকে সামনে আনছেন বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা। তা হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকিয়ারিতে তৈরি বাঁধ ও ইটভাটা এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলা ও গাফিলতি।

পর্যবেক্ষকেরা বলছেন, সিলেটে জুনের শুরু থেকে যে বন্যা শুরু হয়েছে, তা স্মরণকালের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী। সিলেটের ১০ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ এখন পানিবন্দী। ২০০৪ সালে এ রকম বন্যা হলেও তা অঞ্চলভেদে ১৫-২০ দিন স্থায়ী ছিল।

পরিবেশবাদীদের পর্যবেক্ষণ বলছে, দেশের উত্তর-পূর্ব সীমান্তের সিলেট অঞ্চলকে অনেকটা সুতোর মতো পেঁচিয়ে রেখেছে ভারতের করিমগঞ্জ ও মেঘালয়। ভারতের বরাক নদ আসামের করিমগঞ্জ হয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নামে ভাগ হয়েছে। সুরমা সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ ও সিলেট সদর হয়ে সুনামগঞ্জে গিয়ে মিশেছে, আর কুশিয়ারা সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা হয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জে চলে গেছে। এর বাইরে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তার পিয়াইন, ডাউকি ও সারি নদী, কোম্পানীগঞ্জের ধলাই নদ এবং কানাইঘাটের লোভা নদীর উৎসনদীও ভারতের মেঘালয়ে অবস্থিত। একইভাবে ভারতের ত্রিপুরা অঞ্চল দিয়ে প্রবাহিত জুড়ী নদী মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া হয়ে হাকালুকি হাওর হয়ে সিলেটে ঢুকেছে। তাই ভারতীয় অংশে সামান্য বৃষ্টিপাত হলেই যৌথ এসব নদীর মাধ্যমে পানি বাংলাদেশে গড়িয়ে আসে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ভারতীয় অংশে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যৌথ নদীগুলো দিয়ে সেই পানি মাসখানেক ধরে অব্যাহতভাবে বাংলাদেশে ঢুকছে। অথচ সিলেটের হাওরাঞ্চলে আগে থেকেই বন্যা সৃষ্টি হওয়ায় পুরোনো পানি স্থিতিশীল অবস্থায় ছিল। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় বন্যা দীর্ঘমেয়াদি রূপ নিয়েছে।

আবহাওয়া অফিস সিলেট সূত্রে জানা গেছে, গত মাসে সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ হাজার ১৬ মিলিমিটার। সাম্প্রতিক সময়ে সিলেটে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। কয়েক দিন ধরে ভারতের ত্রিপুরায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে ভারতের মেঘালয়-আসামে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট-মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির শিগগিরই উন্নতি হবে না।

সিলেট পাউবোর তথ্য বলছে, প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ সুরমা নদীর ১১০ কিলোমিটারই পড়েছে সিলেটে। গত দুই দশকে এই ১১০ কিলোমিটারের ৪০-৪৫ শতাংশ অংশে চর পড়েছে। যেখানে চর পড়েনি, সেখানে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। সুরমা এখন অনেকটাই মৃত নদীতে পরিণত হয়েছে। এ ছাড়া প্রায় ২১০ কিলোমিটার দীর্ঘ কুশিয়ারার ১২০ কিলোমিটার পড়েছে সিলেটে। এ নদীতে খুব বেশি চর না পড়লেও গভীরতা অনেকটাই কমে এসেছে। নদী দুটির অন্তত ৩৫-৪০ কিলোমিটার অংশ উভয় দেশের আওতাধীন থাকায় একাধিকবার খননের উদ্যোগ শুরু করেও শেষ পর্যন্ত নানা কারণে সফল হয়নি।

নাব্যতা-সংকটের পাশাপাশি তিনটি বিষয় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য দায়ী বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। তিনি বলেন, সিলেটের সীমান্তবর্তী ভারতীয় অংশের পাহাড়-টিলায় সাম্প্রতিক সময়ে নির্বিচারে বৃক্ষনিধন, অপরিকল্পিতভাবে কয়লা ও পাথর উত্তোলন চলছে। এ ছাড়া সেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ওই অঞ্চলের নদীর মাধ্যমে সিলেটের নদীতে পানির পাশাপাশি প্রচুর পরিমাণে বালু ও মাটি নেমে আসছে।

বন্যাদুর্গত মানুষের অভিযোগ, সুরমা ও কুশিয়ারা নদীর যেসব স্থানে বাঁধ রয়েছে, সেগুলো যদি সংস্কারের পাশাপাশি নতুন বাঁধ নির্মাণ করা যেত, তাহলে বন্যার ভয়াবহতা এতটা বাড়ত না। কুশিয়ারা নদীর বিয়ানীবাজার, ওসমানীনগর ও বালাগঞ্জ অংশে বন্যা প্রতিরক্ষা বাঁধের অনেক স্থানে বন্যা শুরুর আগেই ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন পাউবোকে জানালেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে বাঁধ নির্মাণ ও সংস্কারে পাউবোর অবহেলা ও গাফিলতির বিষয়টি অস্বীকার করেছেন সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম। তিনি বলেন, সিলেটে বন্যা প্রতিরক্ষা বাঁধ মেরামত-সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ৩৫ কোটি টাকার চাহিদাপত্র জমা দেওয়া হয়েছিল। এর বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র ৫৮ লাখ টাকা। ফলে প্রয়োজন সত্ত্বেও অনেক বাঁধের সংস্কারকাজ করা যায়নি।

এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে মৌলভীবাজারে হাকালুকি হাওরের বন্যার পানিতে ভাসছে জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার হাওর-সংলগ্ন গ্রামগুলো। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেকে। রাস্তাঘাট ডুবে থাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এই তিন উপজেলায় আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী।

এই দীর্ঘ সময়ে বন্যার জন্য অতিবর্ষণ ও উজানের ভারতীয় অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি হাকালুকি হাওর, জুড়ী ও কুশিয়ারা নদীর ভরাট হয়ে যাওয়া, জুড়ী ও কুশিয়ারা নদীর সংযোগস্থল সিলেটের ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারিতে তৈরি একটি ক্রসবাঁধএবং সেখানে নির্মিত একাধিক ইটভাটাকে দায়ী করা হচ্ছে। জনপ্রতিনিধি, প্রশাসন, পাউবো ও পরিবেশকর্মীর সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে।

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগে হাকালুকি হাওর অনেক গভীর ছিল। অনবরত বৃষ্টি হলেও দুই দিনেও হাওর পানিতে ভরত না। এখন দুই ঘণ্টা বৃষ্টি হলেই ভরে যায়। এ ছাড়া বুড়িকিয়ারির বাঁধ একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। কুশিয়ারার মুখে ইটভাটা দিয়ে পানির গতি বাধাগ্রস্ত করা হচ্ছে। জুড়ী এলাকায় বেলাগাঁও নামে কয়েক কিলোমিটারজুড়ে হাওরের দিকে বসতি গড়ে উঠেছে।’

প্রায় ৪০ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওরকে ঘিরে আছে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা। হাকালুকি ও কুশিয়ারা নদীর সংযোগস্থল ফেঞ্চুগঞ্জ বাজার-সংলগ্ন বুড়িকিয়ারিতে পাউবো ২০০৬ সালে একটি বাঁধ নির্মাণ করে। এই ক্রসবাঁধের কারণে হাকালুকি হাওরে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তা ছাড়া এই এলাকায় একাধিক ইটভাটা নির্মাণ করা হয়েছে, যার কারণে হাওরের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া হাকালুকি হাওরের পানি জুড়ী নদী হয়ে কুশিয়ারায় গিয়ে পড়ে। কিন্তু জুড়ী ও কুশিয়ারা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি হাওর থেকে বেরোতে পারে না।

পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘কুশিয়ারা ও জুড়ী নদী খননের পরিকল্পনা আছে আমাদের। খনন করে ধারণক্ষমতা বাড়ালে সমস্যা কম হবে।’ বুড়িকিয়ারি বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বাঁধ নিয়ে সিলেটের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার কথা হয়েছে। আমার সাধারণজ্ঞানে যতটুকু বুঝি, এই বাঁধের জন্য সমস্যা হলে আগেও হতো। বাঁধের কারণে সামান্য কিছু প্রভাব পড়তে পারে।’

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেট ও মৌলভীবাজারের ১৫ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে গতকাল বুধবার থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় কয়েকটি স্থানে পরিস্থিতির অবনতি হয়।

সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা। এরপরই রয়েছে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলা। এগুলোর বাইরে সিলেট সদর উপজেলার ছয়-সাতটি গ্রামে সৃষ্ট বন্যা পরিস্থিতির গতকাল কিছুটা উন্নতি হয়েছে। বানভাসি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গতকাল দিনভর একযোগে সব কটি উপজেলায় ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করেছে।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জকিগঞ্জের ৭২টি গ্রামের আংশিক বন্যায় প্লাবিত হয়েছিল। জকিগঞ্জের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, উপজেলায় বন্যা পরিস্থিতি জেলার অন্য উপজেলা থেকে একটু ভালো। তবে বন্যা পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে, সে জন্য বাঁধ সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

বগুড়া প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে যমুনা নদীর বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় পাউবো নতুন করে ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধির তথ্য রেকর্ড করেছে।

বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বুধবার সকাল ছয়টায় বিপৎসীমার ১৬ দশমিক ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় তা ছিল ১৬ দশমিক ৩১ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কাল শুক্রবার নাগাদ বিপৎসীমা অতিক্রম করতে পারে।

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি জানান,কুড়িগ্রামের প্রধান প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই গতিতে পানি বাড়লে দু-এক দিনের মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। এখন চিলমারীতে পানি বিপৎসীমার দশমিক ৬৫ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ২ দশমিক ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে এরই মধ্যে দুই শতাধিক চর ও দ্বীপচরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, উলিপুরের হাতিয়া, সদর, চিলমারী, বেগমগঞ্জ ও রৌমারী এবং রাজীবপুরের কোদালকাটিসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকা।

এদিকে উলিপুর উপজেলার মশালের চর এলাকার ১৮টি পরিবার ও বতুয়াতুলি চরে ২২টি পরিবার নদীভাঙনের কারণে গৃহহীন হয়েছে।