মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের প্রস্তাবে অনাপত্তি
যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন পরিচালিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে নতুন তিনটি অনুসন্ধান কূপ (এক্সপ্লোরেটরি ওয়েল) খননে অনাপত্তি দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত সভায় এই অনাপত্তি দেওয়া হয়।সভায় একই সঙ্গে ওই কূপ খননের কারণে সন্নিহিত লাউয়াছড়া সংরক্ষিত বন ও সেখানকার জীববৈচিত্র্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে কি না, তা পরিবীক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।এ সম্পর্কে জানতে চাইলে পরিবেশসচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, সভার কাছে স্থানীয় প্রশাসনের একটি প্রতিবেদন থাকায় তা পর্যালোচনা করে অনাপত্তি দেওয়া সহজ হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেভরন যেসব স্থানে কূপ খননের প্রস্তাব দিয়েছে, তা লাউয়াছড়া বন থেকে এতটাই দূরত্বে যে আপাতদৃষ্টিতে বনের বা বন্য প্রাণীর কোনো রূপ ক্ষতির আশঙ্কা নেই। তার পরও কূপ খননকালে বিষয়টি সার্বক্ষণিকভাবে নজরে রাখার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা যেতে পারে। স্থানীয় পর্যায়ের ওই প্রতিবেদন প্রণয়ন করেছে যে কমিটি, তাতে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার তিনজন নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ সদস্য ছিলেন।এ সুপারিশ অনুযায়ী অনাপত্তি দিয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন) অধীনে একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক, বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান (উপপরিচালক), পেট্রোবাংলার একজন প্রতিনিধি ও লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী (গোষ্ঠীপ্রধান)। শেভরন উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের স্থলভাগের ১৪ নম্বর ব্লকের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। এক বছরেরও বেশি সময় আগে ওই ক্ষেত্রের বর্ধিতাংশে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকায় শেভরন সেখানে ত্রিমাত্রিক ভূকম্পন (থ্রি-ডি সিসমিক সার্ভে) জরিপ চালায়। লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলও ওই বর্ধিতাংশের অন্তর্ভুক্ত।সূত্রগুলো জানায়, ওই জরিপের ফলাফল এখনো প্রকাশ করা না হলেও তা অত্যন্ত আশাব্যঞ্জক হওয়ায় শেভরন পেট্রোবাংলার কাছে ওই এলাকায় তিনটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব দেয়। পেট্রোবাংলা থেকে বিষয়টি যায় মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। কূপ খননের সঙ্গে পরিবেশগত বিষয়াদি জড়িত থাকায় এ ব্যাপারে পরিবেশ ও বন মন্ত্রণালয়েরও অনাপত্তি নিতে হয়। গতকালের সভায় এ অনাপত্তি দেওয়া হলো। শেভরন যে তিনটি স্থানে অনুসন্ধান কূপ খননের প্রস্তাব দিয়েছে সেগুলো হচ্ছে ফুলবাড়ী চা-বাগান, নূরজাহান চা-বাগান ও গিলাছড়া চা-বাগান এলাকা। এর মধ্যে প্রথম দুটি স্থান লাউয়াছড়া বনের এক কিলোমিটারের মধ্যে, গিলাছড়া প্রায় দুই কিলোমিটার দূরে। পেট্রোবাংলা ও শেভরনের সূত্র জানায়, আগামী শুকনো মৌসুমে ওই সব স্থানে অনুসন্ধান কূপ খনন করা হবে।ওই এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালানোর সময়ও লাউয়াছড়া বন ও বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা করেছিলেন অনেকে। তবে জরিপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক সংরক্ষণবাদী সংগঠন আইইউসিএন জরিপ চালিয়ে যে প্রতিবেদন তৈরি করে, তাতে বলা হয়, জরিপের কারণে লাউয়াছড়া বন কিংবা সেখানকার বন্য প্রাণীর ওপর সামান্যতম বিরূপ প্রভাবেরও কোনো প্রমাণ মেলেনি। বরং দীর্ঘদিন ধরে অবৈধ বৃক্ষ নিধনের ফলে বনটির অপূরণীয় ক্ষতি হচ্ছে।