মৌলভীবাজার ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত
জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজার জেলা কমিটির আওতাধীন দলীয় সব শাখা কমিটি গত রোববার বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের মৌলভীবাজার জেলা কমিটির এক কর্মিসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কমিটিগুলো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদল জানায়, রোববার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে (অডিটরিয়াম) জেলা ছাত্রদলের উদ্যোগে এক কর্মিসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছাত্রদল জেলা কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গাজী মারুফের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহসাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এস এম জাহাঙ্গীর, আন্তর্জাতিক সম্পাদক বায়েজিদ আরেফিন, সহবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম ও সহগণশিক্ষা সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম। সভায় জেলা কমিটির আওতাধীন সব উপজেলা, কলেজ, ইউনিয়ন ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক জাকির বলেন, কেন্দ্র থেকে ছাত্রদলের মধ্যকার সব বিভক্তি নিরসনের নির্দেশ দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ হতেই কেন্দ্রীয় নির্দেশ মেনে জেলার আওতাধীন সব শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।