মৌলভীবাজার জেলা আ.লীগ নেতৃত্বশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের চার বছর পেরিয়ে গেলেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা সম্ভব হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় দলটি এখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। ফলে কর্মী-সমর্থকদের তৎপরতা থাকলেও সাংগঠনিকভাবে কোনো কাজ করা যাচ্ছে না।দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ বর্তমানে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করছেন। তিনি ১ জুলাই দেশের বাইরে গেছেন; মাসখানেক অবস্থান করবেন। সাধারণ সম্পাদক নেছার আহমদ গত ২৬ জুন যুক্তরাজ্য সফরে গেছেন। তিনিও মাসখানেক সেখানে অবস্থান করবেন। সূত্র জানিয়েছে, চার বছর আগে আওয়ামী লীগের জেলা সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর অভ্যন্তরীণ বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় কার্যত দলের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ভেঙে পড়ছে। সম্প্রতি সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগ সভা-সমাবেশ করলেও মৌলভীবাজারে সুনির্দিষ্ট দায়িত্বে কেউ না থাকায় এ রকম কোনো তৎপরতা দেখা যায়নি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংসদ সৈয়দ মহসীন আলী বলেন, ‘নেতৃত্বশূন্য বলা যাবে না। আমরা তো সবাই আছি। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফোন করে বলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক বিদেশে থাকাকালে দলের সাংগঠনিক দিকটি দেখাশোনার জন্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’