মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়কসহ তিন নেতা কারাগারে
জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জাকির হোসেনসহ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এই তিন নেতা আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের মুক্তির দাবিতে ছাত্রদল মৌলভীবাজার শহরে মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রদল সূত্রে জানা গেছে, আগের একটি সংঘর্ষের মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রদল নেতা নাসিম আহমদ ও শিপন আহমদ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। গতকাল তাঁরা মৌলভীবাজার বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে তিন নেতার মুক্তির দাবিতে গতকাল বিকেলে মৌলভীবাজার শহরে মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা জি এম মুক্তাদির, ফুয়াদ জামান, সিরাজুল ইসলাম প্রমুখ।