>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্পদিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সংস্কারের অভাবে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন রাস্তার পিচ ও খোয়া ওঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্তের। বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে। তখন পথচারীদের দুর্ভোগের আর সীমা থাকে না। কোনো কোনো রাস্তা এত ভাঙাচোরা যে রিকশাচালকেরা যেতে চান না।
সম্প্রতি সরেজমিনে বেশ কয়েকটি রাস্তা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। পৌরসভার কুসুমবাগ এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক থেকে গোবিন্দশ্রী রাস্তার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য খানাখন্দ।
গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা হাসান আহমদ রাজা বলেন, প্রায় দুই বছর ধরে রাস্তার অবস্থা খারাপ। পুরো রাস্তায় অসংখ্য গর্ত। মাঝখানে সংস্কারের নামে পিচ তুলে ফেলা হয়েছিল। এতে অবস্থা আরও খারাপ হয়েছে। কোনো রিকশাচালক এখন আর এ রাস্তা দিয়ে যেতে চান না।
পৌরসভার কোর্ট রোড থেকে গির্জাপাড়ার প্রবেশমুখেই দেখা গেছে গর্ত ও ভাঙাচোরা। কাশীনাথ সড়ক, সৈয়ারপুর লক্ষ্মীবালা স্কুল সড়ক, মাঝেরহাটি সড়ক, রিয়াছত উল্লা সড়ক, ফরেস্ট অফিস রোডের স্থানে স্থানে পিচ নেই। খোয়া ওঠে গেছে। রাস্তাজুড়ে অসংখ্য গর্ত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সময়-সময় কিছু রাস্তার গর্তে ইট-সুরকি ফেলা হয়। কিন্তু তা তেমন একটা কাজে আসে না। আবার গর্তের সৃষ্টি হয়। বৃষ্টি হলে এসব রাস্তা দিয়ে যাতায়াতের উপায় থাকে না। এ জন্য অনেক সময় রিকশাচালকেরা এসব রাস্তায় যেতে চান না।
জানতে চাইলে শহরের বরকাপন এলাকার বাসিন্দা ব্যবসায়ী সাজ্জাদুর রহমান বলেন, বরকাপন রাস্তা অনেক দিন ধরেই খারাপ। রাস্তার কার্পেটিং ওঠে গেছে। আর গোবিন্দশ্রী রাস্তায় একটার পর একটা গর্তে গাড়ির চাকা আটকে যায়।
ধরকাপন-মোস্তফাপুর সড়কে নিয়মিত রিকশা চালান মো. আবদুল আলী। তিনি বলেন, ‘রাস্তা দিয়ে আইতে চাকার শিক একটা ভাঙে। যাইতে শিক একটা ভাঙে। রিকশা চালাইতে খুব কষ্ট অয়। প্যাসেঞ্জারেরও কষ্ট। আমরা এলাকাত থাকি বলি এই রাস্তায় রিকশা চালাই। অন্য এলাকার ড্রাইভার এ পথে আয় না। প্যাসেঞ্জাররা রিকশা পায় না।’
শহরের পশ্চিমাঞ্চলে নিয়মিত রিকশাভ্যানে করে সবজি বিক্রি করেন খুরশিদ মিয়া। তিনি বলেন, ‘রাস্তার অবস্থা এমনই খারাপ যে ঝাঁকুনিতে প্রায়ই ভ্যান থেকে সবজি পড়ে যায়।’
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় ৬০টি ছোট-বড় রাস্তা রয়েছে। এর মধ্যে সম্প্রতি সাতটি রাস্তায় সংস্কারকাজ হয়েছে। ২৩টিতে সংস্কারকাজ চলছে। ২০টির দরপত্র আহ্বান করা হয়েছে। ১০টি রাস্তার দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন খান বলেন, ‘বাকি যেসব রাস্তার দরপত্র আহ্বান করা হয়েছে এবং যেগুলো প্রক্রিয়াধীন আছে আগামী বছরের মধ্যে সব কটির কাজ শেষ হবে। এরপর আর উল্লেখযোগ্য তেমন কোনো রাস্তা ভাঙাচোরা থাকবে না।
পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘আমি আট মাস হলো দায়িত্ব নিয়েছি। কাগজপত্র ঘাঁটাঘাঁটি ও অনুসন্ধান করে দেখেছি, দীর্ঘদিন পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। যা হয়েছে, তা-ও খুবই নিম্নমানের কাজ হয়েছে। সংস্কারের কিছুদিন পরই ভেঙেচুরে গেছে। যদি বৃষ্টির সমস্যা না হয়, তাহলে আশা করছি আগামী মার্চের মধ্যে ৮০ শতাংশ রাস্তার কাজ সম্পন্ন করতে পারব।’