মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে মরে যাচ্ছে গাছ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় মরে যাচ্ছে বিভিন্ন জাতের বিপুলসংখ্যক গাছ। মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কে ইতিমধ্যে প্রায় ৫০০ গাছ মরে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ। এসব গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়নের আওতায় লাগানো এসব গাছের মালিকানা এখনো নির্ধারিত হয়নি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় সড়কের দুই পাশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গাছের মড়ক শুরু হয়েছে অনেক দিন ধরে। মরে যাওয়া গাছের মধ্যে শিশুগাছের সংখ্যাই বেশি। কিন্তু মরা গাছ সরিয়ে নতুন করে বনায়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৩-৯৪ অর্থবছরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের কদমহাটা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রান্তসীমা পর্যন্ত দুই পাশে শিশু, আকাশমণি, রেইনট্রিসহ বিভিন্ন জাতের গাছের প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়। সেই সময় বন বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে মালিকানার অংশীদারি নিয়ে বিরোধ দেখা দেয়। উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তি না হওয়ায় গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বও নির্ধারিত হয়নি। রোগে আক্রান্ত হয়ে মরে গেছে অনেক গাছ। শিশুগাছে ‘ফাংগাল ইনফেকশন’ নামের এক ধরনের রোগের আক্রমণে প্রথমে ভেতরের অংশ বা শ্বাস ক্ষয়ে যায়। পরে শিকড়ে পচন ধরে গাছ মারা যায়। কদমহাটা থেকে ফেঞ্চুগঞ্জ সীমানা পর্যন্ত ওই সড়কে বর্তমানে চার থেকে পাঁচ হাজার গাছ আছে। মরা গাছের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার রাজনগর উপজেলা পরিবেশ ও বন কমিটিতে আলোচনা হয়েছে। বন বিভাগের রেঞ্জার এবং মৌলভীবাজার নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য প্রথম আলোকে বলেন, মরে যাওয়া গাছগুলো এখনো গণনা করা হয়নি। তবে নন্দীউড়া এলাকায় এ সংখ্যা প্রায় ৫০০ হবে। রোপণের সময় সড়ক ও জনপথ বিভাগকে ১০ শতাংশ গাছের মালিকানা দেওয়া হয়। তারা চুক্তিতে স্বাক্ষর করেনি। সামাজিক বনায়নের নির্দিষ্ট কোনো বিধিমালাও তখন ছিল না। বর্তমান বিধিমালায় ২০ শতাংশ মালিকানা দেওয়া হয়েছে।