হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে জেলার হাওরগুলোর বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের দাবিতে মৌলভীবাজারে আন্দোলন চলছে। সেখানে প্রকল্পে মৌলভীবাজারকে অন্তর্ভুক্ত না করাকে দুঃখজনক এবং পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। মৌলভীবাজারকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছে, মৌলভীবাজার একটি হাওর-অধ্যুষিত জেলা। এই জেলায় হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওর, বড় হাওর, করাইয়া, কেওলাসহ ছোট-বড় বিভিন্ন হাওর রয়েছে। এসব হাওরের উৎপাদিত ফসল, মাছ, পাখিসহ জীববৈচিত্র্য বছরের পর বছর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আসছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু এ পর্যন্ত জেলার হাওরগুলোর উন্নয়নে সরকারের পক্ষ থেকে চোখে পড়ার মতো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রায় প্রতিবছরই অকালবন্যা, পাখি নিধন, অবাধে মাছ নিধনের কারণে হাওরগুলো ধ্বংস হচ্ছে। বিগত কয়েক বছর হাকালুকি ও কাওয়াদীঘি হাওরে জলাবদ্ধতা কৃষির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাইল হাওরে পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কাবিল রক্ষা কঠিন হয়ে পড়ছে। হাওর রক্ষার দাবিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিগত কয়েক বছর মানববন্ধন, সেমিনার, হাওর কনভেনশন, বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ অবস্থায় গত ৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প’ নামে ৯৪৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৮টি উপজেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পে এসব এলাকায় বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, হাওরের ঢেউ থেকে সড়ক, গ্রাম ও আবাসিক স্থাপনার ভাঙনরোধ এবং জলাশয় ব্যবস্থাপনার কার্যক্রম জোরদার ও সম্প্রসারণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো হবে। ব্রিজ-কালভার্ট, সেচ অবকাঠামো ও ল্যান্ডিং ঘাট নির্মাণ করা হবে। বিল উন্নয়ন, খাল খনন ও বনায়ন কার্যক্রম বাস্তবায়ন হবে। আগামী ২০১৯ সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। কিন্তু এই প্রকল্পে মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত না করায় অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গত ১০ জুন হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর এলাকার কুলাউড়া-বড়লেখা সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ মৌলভীবাজারের পক্ষ থেকে গত রোববার মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে বিভিন্ন শ্রেণী-পেশার আড়াই শতাধিক লোক স্বাক্ষর করেছেন। এদিকে মৌলভীবাজার জেলার হাওরকে প্রকল্পে অন্তর্ভুক্ত করতে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশা বলেন, ‘সরকার সিলেট ও মৌলভীবাজারের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। এশিয়ার বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি। আমরা হাওর বাঁচানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’ বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ মৌলভীবাজারের সভাপতি সেলিম আহমদ বলেন, ‘প্রকৃত হাওরকে উন্নয়নের বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়াটা রহস্যজনক।’ হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ সোহেল বলেন, ‘এ সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত।’ তিনি জানান, তাঁরা এ বিষয়ে তাঁদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত পরিকল্পনা ও তদারকি করি। আমরা হাওর নিয়ে একটি মহাপরিকল্পনা তৈরি করেছি। এখনো এই প্রকল্প নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’