মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কে এক সপ্তাহ বাস চলাচল বন্ধ
সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসচালকদের মধ্যে বিরোধের জের ধরে মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কে এক সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের পক্ষ থেকে রাজনগর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসশ্রমিকদের উদ্যোগে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে মামলা প্রত্যাহারের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, অটোরিকশার চালকদের হাতে মৌলভীবাজার-বালাগঞ্জ রুটের একজন বাসচালক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ৫ নভেম্বর বেলা একটা থেকে মৌলভীবাজার ও কুলাউড়া বাসস্ট্যান্ড থেকে ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু হয়। বাসশ্রমিকেরা অভিযোগ করেছেন, অন্যান্য রুটে বাস চলাচল শুরু হয়েছে, কিন্তু মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কে নিরাপত্তা না থাকায় এখনো বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, এই রুটে প্রতিদিন ১৮টি বাস যাত্রী আনা-নেওয়া করে থাকে। একটি বাস দিনে চার-পাঁচবার চাঁদনীঘাট বাসস্ট্যান্ড ও বালাগঞ্জ খেয়াঘাটের মধ্যে আসা-যাওয়া করে।এদিকে কুলাউড়া-মৌলভীবাজার-চাঁদনীঘাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন গ্রুপ কমিটির উদ্যোগে কমিটির সভাপতি আসিক মিয়ার সভাপতিত্বে গত বৃহস্পতিবার চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে বাসশ্রমিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গণি মিয়া, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজিল মিয়া প্রমুখ। সমাবেশের শেষ পর্যায়ে বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।কুলাউড়া-মৌলভীবাজার-চাঁদনীঘাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন গ্রুপ কমিটির সভাপতি মো. আসিক মিয়া গত শুক্রবার বলেন, ‘আমাদের একজন চালককে মারধর করায় আমরা ১৫ রুটে ধর্মঘট শুরু করেছিলাম। বাকিগুলো চালু করা হলেও বালাগঞ্জ রুটে গেলে সিএনজির শ্রমিকেরা বাসচালকদের মারপিট করে। এদিকে তাদের আধিপত্য রয়েছে। মারপিট করে তো আর গাড়ি চালানো যায় না। এ জন্য এই রুটে বাস চালানো বন্ধ রাখা হয়েছে।’রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুশফিকুর রহিম দুই পক্ষ থেকে মামলা ও বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তাদের দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।’