মৌলভীবাজার বিএমএর আন্দোলনের কর্মসূচি ঘোষণা
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে একজন শিশুবিশেষজ্ঞ চিকিৎসক ও একজন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামী রোববার (১০ ফেব্রুয়ারি) থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার জেলা শাখা এ কর্মসূচির ডাক দিয়েছে।বিএমএ সূত্র জানিয়েছে, গত ১৬ জানুয়ারি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় শিশুবিশেষজ্ঞ এ জেড এম মতিউর রহমান এবং হাসপাতালের কর্মচারী হারুণ মিয়া বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত হন। এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ২৪ ও ২৬ জানুয়ারি হাসপাতালের বহির্বিভাগে এবং ২৭ ও ২৮ জানুয়ারি মৌলভীবাজার শহরে চিকিৎসকেরা ব্যক্তিগত চেম্বারে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ২৯ জানুয়ারি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এক সাধারণ সভা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আগামী রোববার থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে আছে ১০, ১৭, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি—এ চার দিন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের বহির্বিভাগে সামগ্রিক কর্মবিরতি পালন করা হবে। তবে এ সময় জরুরি ও অভ্যন্তরীণ চিকিৎসা এবং অস্ত্রোপচার অব্যাহত থাকবে। ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার শহরের সব চিকিৎসক তাঁদের ব্যক্তিগত চেম্বারে প্রাণ সংশয় আছে—এমন রোগী ছাড়া কোনো রোগী দেখবেন না। এ ছাড়া ফেব্রুয়ারি মাসজুড়ে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার জন্য জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক নেতা, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হবে। বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাব্বির হোসেন খান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এত দিনেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। চিকিৎসকেরা কর্মস্থলে সন্ত্রস্ত থাকেন। সামাজিকভাবে সবার সঙ্গে কথা বলে আমরা এর একটি স্থায়ী সুরাহা করতে চাই। এ জন্য ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি।’