মৌলভীবাজার বিসিক শিল্পনগরীর সমস্যা সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, প্রতিটি বিসিক শিল্পনগরীকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করা হবে। জাতীয় শিল্পনীতিতে বিসিক শিল্পনগরীকে সমৃদ্ধ করার কথা আছে। দেশে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। কিন্তু জমি বাড়ছে না। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়া ছাড়া কোনো বিকল্প নেই।শিল্পমন্ত্রী গতকাল শনিবার জেলা সার্কিট হাউসে বিসিক মৌলভীবাজার ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলার শিল্পোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তারা বিসিক শিল্পনগরীতে বিরাজমান সমস্যাগুলোর সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন। শিল্পমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সাবেক সাংসদ আজিজুর রহমান ও হোছনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. এম এ আহাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বিসিকের উপব্যবস্থাপক মহসীন কবীর, জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক এ বি এম শরিফ, পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল হক প্রমুখ। মন্ত্রী বলেন, ‘আমাদের শিল্প পুঁজির ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের অভ্যন্তরীণ বাজারও অনেক বড়। এখনো অভ্যন্তরীণ বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছি না। তবে আশার কথা, অনেকে শিল্প স্থাপনে এগিয়ে আসছেন। অভ্যন্তরীণ বাজারে পণ্যের মান বাড়ছে।’জেলা প্রশাসক তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বিগত অর্থবছরে মৌলভীবাজারে এক হাজার ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা এসেছে। কিন্তু এই টাকা অলস পড়ে থাকে। বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয়টি নিয়ে প্রবাসীদের কাছে অস্পষ্টতা রয়েছে। যে কারণে অনেকে বিনিয়োগে এগিয়ে আসতে চাইছে না। এ ছাড়া বিসিক শিল্পনগরীতে বিভিন্ন সমস্যা রয়েছে। বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি বকসী আলাউর রহমান বলেন, বিসিক শিল্পনগরীতে পানিতে আয়রনের পরিমাণ বেশি। এখানে একটি পানি শোধনাগার প্রকল্প প্রয়োজন। এ ছাড়া বিদ্যুৎসংযোগের অভাবে অনেকে উৎপাদনে যেতে পারছে না। বিদ্যুতের শিল্প বিল না দিয়ে বাণিজ্যিক বিল দেওয়া হচ্ছে। বিসিক শিল্পনগরীর সীমানাপ্রাচীর নেই। শিল্পোদ্যোক্তা আবদুল হান্নান বলেন, ‘বিসিক শিল্প এলাকার মাটির স্তর নরম হওয়ায় এখানে দোতলা দালান নির্মাণ বা ভারী শিল্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। ওষুধ কোম্পানি করার পরিকল্পনায় প্লট নিয়ে এখন প্লট টিকিয়ে রাখতে মুড়ির কারখানা দিয়েছি।’ দিলীপ বড়ুয়া সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, মৌলভীবাজারে বিশেষ শিল্পায়িত অঞ্চল গঠন করতে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এর আগে মন্ত্রী সদর উপজেলার গোমড়া এলাকায় বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।