মৌলভীবাজার মুক্ত দিবসে যুদ্ধের গল্প শোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার ‘যুদ্ধ জয়ের গল্প’ বলার অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভা। পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড, জেলা প্রশাসন, জেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, বাসদ, সংস্কৃতি কর্মী সংসদ ও সমকাল।প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার উদ্যোগে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গল্প শোনান গণপরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। আকমল হোসেনের উদ্বোধনী বক্তব্যের পর আজিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতিটি মুহূর্ত কেটেছে মৃত্যুর মুখোমুখি। এখনো মৌলভীবাজার শহীদ মিনারের কাছে এলে অনেক পরিচিত মুক্তিযোদ্ধার কণ্ঠস্বর শুনতে পাই।’ আজিজুর রহমান আরও বলেন, ‘আমাদের ভরসা এখন তোমরা যারা নতুন প্রজন্ম। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত দেশ চেয়েছিলাম। আজকে দেশ অর্থনৈতিকভাবে অনেক অগ্রসর হলেও আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের কার্যক্রম থেমে নেই। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন পূরণ করতে প্রয়োজনে একাত্তরের মতো আরেকটি সংগ্রাম আমাদের করতে হবে।’ অপূর্ব সোহাগের সমাপনী বক্তব্যের মাধ্যমে যুদ্ধ জয়ের গল্প বলা অনুষ্ঠানটি শেষ হয়। দিবস উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন।