মৌলভীবাজার শহরে চলছে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কের রাস্তার দুই পাশের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ বিভিন্ন ‘জঞ্জাল’ সরানোর অভিযান চলছে। গতকাল সোমবার শহরের চৌমোহনা এলাকায় জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযান শুরু করে।
গতকাল বেলা একটার দিকে সরেজমিনে দেখা গেছে, শহরের চৌমোহনা চত্বরের রাস্তার দুই পাশে লাগানো বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ও হোর্ডিং সরাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বিভিন্ন দোকানের সামনে এবং বিদ্যুতিক খুঁটিতে বিভিন্ন আকার ও রঙের এসব পোস্টার-ফেস্টুন লাগানো ছিল। এর মধ্যে অনেক আগে চলে যাওয়া ঈদ ও পূজায় জানানো শুভেচ্ছার পোস্টার আছে। জেলা পরিষদ নির্বাচনের পোস্টারও রয়েছে।
এ অভিযানের আগে দুবার এবং পৌরসভার পক্ষ থেকে তিন দফা শহরে মাইকিং করা হয়েছে। এতে দু-একজন তাঁদের লাগানো পোস্টার বা ব্যানার সরালেও বেশির ভাগই রয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান শুরু করেছে।
গতকাল অভিযান চলাকালে পৌর মেয়র ফজলুর রহমান; জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও হাকিম মিন্টু চৌধুরী; সহকারী কমিশনার আল বশিরুল ইসলাম ও শবনম শারমিন; পৌর কাউন্সিলর মনবীর রায়, জালাল আহমদ, আয়াছ আহমদ, ফয়সল আহমদ ও স্বাগত কিশোর দাশ চৌধুরী; পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রথম দিন গতকাল সোমবার বিকেল পর্যন্ত শহরের কোর্ট রোডে অভিযান চালানো হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, ‘শুধু প্রধান সড়কই নয়, শহরের পাড়ার ভেতরেও দেখেছি পোস্টার-ব্যানার লাগানো আছে। এগুলোও উচ্ছেদ করা হবে। এক এক করে সব রাস্তার পোস্টার-ব্যানার উচ্ছেদ করা হবে।’
পৌর মেয়র বলেন, ‘এর আগে আমরা মাইকিং করেছি। জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে। কেউ কেউ সরিয়েও নিয়েছেন। কিন্তু এখনো জেলা পরিষদ নির্বাচনের পোস্টারসহ অনেক আগের পোস্টার ঝোলানো রয়েছে। শহরকে জঞ্জালমুক্ত রাখতে আমরা যে অভিযান শুরু করেছি, এটা অব্যাহত থাকবে।’