মৌলভীবাজার সদরে ভোটার উপস্থিতি কম
মৌলভীবাজার শহরে গতকাল রোববার সকাল ১০টার দিকেও ছিল ছুটির নীরবতা। অধিকাংশ দোকানপাটই ছিল বন্ধ। বিক্ষিপ্তভাবে কিছু রিকশা, অটোরিকশা ও দু-একটি গাড়ি চলাচল করছিল। গতকাল ছিল মৌলভীবাজার সদর উপজেলায় ভোট। অথচ মানুষের মধ্যে এ নিয়ে ছিল না কোনো চাঞ্চল্য।
সকাল ১০টার দিকে পৌরসভার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পাঁচ থেকে সাতজন ভোটারের একটি সারি দেখা যায়। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দু-একজন করে ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগতভাবে এই ভোটের প্রতি তাঁরা তেমন আগ্রহ বোধ করছেন না। অনেকেই আত্মীয়তা, দল কিংবা প্রার্থীর সঙ্গে পরিচয়ের সূত্রে ভোট দিতে এসেছেন।
বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগৎসী গোপাল কৃষ্ণ সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের ভিড় না থাকায় কোনো কোনো কক্ষের দায়িত্বরত ব্যক্তিরা ঘোরাঘুরি করছেন। এখানে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’ এখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, ‘আত্মীয়তার কারণে মুখ রক্ষা করতে কেন্দ্রে এসেছি।’
নাজিরাবাদ ইউনিয়নের সমশেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা উত্তর নারাইনপাশা গ্রামের দেলোয়ারা বেগম (৪০) বলেন, ‘কোনো প্রার্থীরে চিনি না। ভোট দেওয়া দরকার। এর লাগি (জন্য) আইছি।’
কাগাবলা ইউনিয়নের বিন্নিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম। ভোট গ্রহণকারী কর্মকর্তারা অলস সময় পার করছেন। একাধিক এজেন্ট জানান, এখানে ভোটার উপস্থিতি কম।
একই ইউনিয়নের আথানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেরও একই অবস্থা। ভোটকেন্দ্রের বাইরে কিছু লোক আড্ডা দিচ্ছিলেন। আথানগিরি গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘অনেকেই মনে করছেন, এবার ভোট দিলেও যা, না দিলেও তা।’
এরপর কাগাবলা, আমতৈল, মীর্জাপুর ইউনিয়নের আরও কিছু কেন্দ্র ঘুরে অনেকটা ফাঁকা পাওয়া যায়। কেন্দ্রের বাইরে বসে সময় কাটাচ্ছিলেন প্রার্থীদের লোকজন।