মৌলভীবাজার সদরের ডিলাররা আতপ চাল নিয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য আতপ চাল নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। ক্রেতাদের বড় অংশই চাল কিনতে এসে সিদ্ধ চাল নেই জেনে ফিরে যাচ্ছেন। ডিলাররা জানিয়েছেন, তাঁরা আতপ চাল না চলার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু এখনো সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে না।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, খোলাবাজারে চাল বিক্রির জন্য মৌলভীবাজারের সাতটি উপজেলায় পাঁচজন করে ৩৫ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এসব ডিলারকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আতপ চাল সরবরাহ করা হয়েছে। সদর উপজেলার ডিলাররা জানিয়েছেন, সদর উপজেলার ক্রেতারা আতপ চালের ভাত খেয়ে অভ্যস্ত নয়। অনেকেই সিদ্ধ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। মৌলভীবাজার শহরের কালেঙ্গা রোডের ডিলার মো. দেলোয়ার হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আতপ চাল কেউ কিনতে চায় না। চালের অনেক চাহিদা আছে। লোকজন আসে। কিন্তু সিদ্ধ চাল নেই জেনে চাল না কিনেই বেশির ভাগ ফিরে যাচ্ছে। সিদ্ধ চাল থাকলে প্রতিদিন এক টনের ওপর বিক্রি হতো। এখন ১০০ থেকে ২০০ কেজির বেশি বিক্রি হচ্ছে না।’ তিনি জানান, যেখানে সপ্তাহে পাঁচ দিন চাল উত্তোলন করার কথা। সেখানে ওএমএস কার্যক্রম চালুর পর এ পর্যন্ত তিনি দুই দিনে চার টন চাল তুলেছেন। এখনো তাঁর দুই টন চাল জমা আছে। খোলাবাজারে চাল বিক্রির জন্য সদর উপজেলা কমিটির সদস্য আতাউর রহমান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ডিলাররা আতপ চাল তুলতেই চায়নি। রোজার মাসের কথা বিবেচনা করে তাঁদের বলে চাল তোলা হয়েছিল। কিন্তু এখন চাল চলছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রককে বারবার বলা হলেও এখনো সিদ্ধ চাল দেওয়া হয়নি।’ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহেদ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আতপ চাল না চলার বিষয়টি আমি জানি। এই অঞ্চলের মানুষ আতপ চাল খেয়ে অভ্যস্ত নয়। সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধ চাল দেওয়ার বিষয়ে ওপর থেকে আশ্বাস পেয়েছি। নির্দেশনা এলেই সিদ্ধ চাল দেওয়া হবে।’ তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ধারণা, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ আতপ চাল খেয়ে থাকে। এই ধারণা থেকেই আতপ চাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার মানুষ সিদ্ধ চাল খেয়ে অভ্যস্ত। অন্যদিকে কুলাউড়া, জুড়ী ও বড়লেখাতে আতপ চাল চলছে। সমস্যা হচ্ছে না।