মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষকসংকট
মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষকের ৭৭টি পদের ২৯টিই খালি। অনেক বিভাগের শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে অতিথি শিক্ষক দিয়ে। যেসব বিভাগে সম্মান ও মাস্টার্স কোর্স চালু হয়েছে, সেখানে ১২ জন শিক্ষকের পদ থাকার কথা। কিন্তু কোনো বিভাগে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি করা হয়নি। কলেজ সূত্রে জানা গেছে, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষকসহ বর্তমানে কর্মরত আছেন ৪৮ জন শিক্ষক। অনেকে চাকরির শেষপ্রান্তে অবস্থান করছেন। এতে শূন পদের সংখ্যা আরও বাড়বে।রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আবদুল মুনিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকটের কারণে এক বর্ষের ক্লাস চললে অন্য বর্ষের ছাত্রছাত্রীদের বসে থাকতে হয়। নিয়মিত ক্লাস হচ্ছে না।’কলেজ সূত্র জানিয়েছে, বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞানে সম্মানসহ মাস্টার্স কোর্স চালু হয়েছে। এ ক্ষেত্রে এসব বিভাগে ১২ জন করে শিক্ষকের পদ সৃষ্টির কথা। সম্মান কোর্স চালু হওয়ায় বিভাগে ন্যূনতম সাতজন শিক্ষকের পদ সৃষ্টির নিয়ম থাকলেও সব বিভাগে এই পদও সৃষ্টি হয়নি। উপরন্তু যেসব শিক্ষকের পদ আছে, তা থেকেও অনেক পদ খালি। বাংলা বিভাগে সাতটি পদের মধ্যে চারটিই শূন্য। একইভাবে ইংরেজি বিভাগে সাতটির মধ্যে চারটি, অর্থনীতি বিভাগে পাঁচটির মধ্যে তিনটি, রাষ্ট্রবিজ্ঞানে ছয়টির মধ্যে চারটি ও হিসাববিজ্ঞানে পাঁচটির মধ্যে একটি পদ শূন্য আছে।দর্শন বিভাগে চারটির মধ্যে দুটি, ইতিহাস বিভাগে চারটির মধ্যে দুটি, ইসলামের ইতিহাস বিভাগে চারটির মধ্যে একটি, ব্যবস্থাপনায় চারটির মধ্যে দুটি, পদার্থবিজ্ঞান বিভাগে পাঁচটির মধ্যে একটি, রসায়নে পাঁচটির মধ্যে একটি, প্রাণিবিদ্যা বিভাগে পাঁচটির মধ্যে একটি, গণিত বিভাগে চারটির মধ্যে একটি ও ইসলামী শিক্ষা বিভাগে দুটির মধ্যে এটি পদ শূন্য। শিক্ষকসংকটের কারণে ইংরেজি, ব্যবস্থাপনা, বাংলা ও অর্থনীতি বিভাগে অতিথি শিক্ষক দিয়ে পাঠ দেওয়া হচ্ছে। বাংলা, ইংরেজি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একজন করে অধ্যাপকের পদ আছে। কিন্তু একমাত্র বাংলা বিভাগ ছাড়া আর কোনো বিভাগে অধ্যাপক নেই। উপাধ্যক্ষের পদটি সহযোগী অধ্যাপকের হওয়ায় অনেক সময় কলেজ পরিচালনার ক্ষেত্রে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এই পদটি অধ্যাপক পদে উন্নীত করা প্রয়োজন বলে শিক্ষকেরা মনে করেন।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে ১৪টি বিভাগে সম্মান এবং ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স কোর্স চালু হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা সাত হাজারেরও বেশি। পাস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে মাস্টার্স-প্রিলিমিনারি চালুর দাবি করেছেন। প্রিলিমিনারি কোর্স চালুর দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছেন। ছাত্র ইউনিয়ন কলেজ শাখার পক্ষ থেকে ১৬ মার্চ পরিবহন ও শিক্ষকসংকট নিরসন, কলেজ ক্যানটিন চালু, ছাত্র ও ছাত্রী কমন রুমের মান বৃদ্ধি করা, পানির সংকট ও হোস্টেলগুলোর খাদ্যের মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।অধ্যক্ষ রণধীর দে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকটের কারণে ক্লাস নিতে মারাত্মক সমস্যা হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয়ে চিঠি পাঠিয়েছি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও আলাপ করেছি।’ (আগামীকাল পড়ুন: ডিগ্রির অবকাঠামোয় অনার্স-মাস্টার্স, শ্রেণীকক্ষ ও আবাসনসংকট)