মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আগামী ৮ ডিসেম্বর উপনির্বাচন হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এর পর তাঁর আসনটি (মৌলভীবাজার-৩) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে এখন উপনির্বাচন হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। উপনির্বাচনের ভোট নেওয়া হবে ৮ ডিসেম্বর।