মৌলভীবাজার ৬, কমলগঞ্জ ১৭ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম ঝোড়ো হাওয়ায় মৌলভীবাজার শহর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। মৌলভীবাজারে গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ও কমলগঞ্জে বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কয়েক দফায় ১৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পাহাড়ি এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছপালা পড়ে এ সমস্যা হয় বলে জানা গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে তিনটা থেকে মৌলভীবাজারে ঝোড়ো হওয়া শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এরপর সরবরাহ চালু হলেও শহরের বিভিন্ন এলাকায় ফিডার লাইনে গাছপালা পড়ায় অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবারও বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া শুরু হলে পুরো শহর আরেক দফা অন্ধকারে ডুবে যায়। প্রায় ছয় ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
বিউবো সূত্র জানায়, প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজার-শ্রীমঙ্গল ৩৩ কেভি লাইনের বিভিন্ন স্থানে বাঁশ, গাছ ও গাছের ডালপালা পড়ে এবং তাঁতীপাড়া এলাকায় একটি আইসোলেটর ফেটে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। মৌলভীবাজার শহরে বিদ্যুৎ সরবরাহের বিকল্প লাইন হচ্ছে ৩৫ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ লাইন। কিন্তু এই লাইনেও একই রকম সমস্যা হওয়ায় মৌলভীবাজার শহরে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
বিউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবীর বলেন, গ্রিড সাবস্টেশন ছাড়া এ সমস্যা মিটবে না। ঝড়বৃষ্টি হলেই এ সমস্যা হবে। একটি জেলা শহরে সাবস্টেশন না থাকাটা দুঃখজনক। সাবস্টেশন থাকলে সারা শহর বিদ্যুৎহীন হতো না।
কমলগঞ্জে বুধবার দুপুর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে দফায় দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিকেলের দিকে ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় গাছের ডালপালা ভেঙে পড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিকেল পাঁচটা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত কমলগঞ্জ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ অঞ্চলের প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ঝড়ে পাহাড়ি এলাকা দিয়ে চলমান ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। আংশিক মেরামত করে বুধবার রাতে কয়েক দফা চেষ্টা করেও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা যায়নি। গতকাল সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়। তিনি আরও বলেন, বৃষ্টি আর বিরূপ আবহাওয়ায় মেরামতকাজ বিঘ্নিত হয়েছে।