মৌলভীবাজারকে অন্তর্ভুক্ত করার দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলকে অন্তর্ভুক্ত করাসহ সাত দফা দাবিতে দেড় মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখা শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে।দাবির মধ্যে রয়েছে: জলাবদ্ধতাসহ বিভিন্ন সংকটে জর্জরিত মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বরাদ্দ প্রদান, হাওরের জলমহাল ইজারা প্রথা বাতিল।মানববন্ধন শেষে সংগ্রাম কমিটির আহ্বায়ক গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সংগ্রাম কমিটির সদস্যসচিব মামুনুর রশীদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দিন আহমদ, চৌধুরী নীহারেন্দু হোম, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ।সমাবেশ থেকে দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগস্ট মাসব্যাপী হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি সভা, মিছিল-সমাবেশ, ২৯ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং ১৫ সেপ্টেম্বর সড়ক অবরোধ।প্রসঙ্গত, গত ৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প’ নামে ৯৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পে হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত করা হয়নি।