মৌলভীবাজারকে বাণিজ্যিক এলাকা ঘোষণার দাবি
পুরান ঢাকার মৌলভীবাজার এলাকাটিকে পুরোপুরি বাণিজ্যিক এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে সেখানকার প্রাচীন ব্যবসায়ী সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। ঢাকার বিদ্যমান বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) মৌলভীবাজার মিশ্র এলাকা হিসেবে চিহ্নিত আছে।
গতকাল সোমবার নতুন ড্যাপের জন্য এলাকাভিত্তিক জনমত যাচাইয়ের উদ্দেশ্যে সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। নতুন ড্যাপ প্রণয়নের জন্য গঠিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল ও পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস (ডিডিসি) লিমিটেড যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সমিতির নেতারা একই সঙ্গে মৌলভীবাজার, চকবাজারসহ আশপাশের এলাকার পার্কিং সমস্যা নিরসনে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় একটি বহুতল পার্কিং নির্মাণের দাবি জানান। পাশাপাশি এই পাইকারি বাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে মালামাল কিনতে আসা ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে কমলাপুর থেকে মৌলভীবাজার পর্যন্ত সহজ যোগাযোগ স্থাপন এবং চাঁনখারপুল মোড়ে মিতালী হোটেলের সামনের অংশের সড়ক ২০ ফুট প্রশস্ত করার দাবি করেন।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েতউল্লাহ বলেন, ‘জেলখানার জায়গায় একটা বহুতল পার্কিং নির্মাণের জন্য আগে থেকেই আমাদের দাবি ছিল। এটার মূল সুবিধা হচ্ছে, এটা আমাদের বাজার থেকে একটু বাইরে। পরবর্তী সময়ে ওখানে যদি কোনো বিনোদনকেন্দ্র হয়, তাহলেও এটা সবার কাজে লাগবে।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘আমাদের আরেকটি প্রস্তাব হলো এই এলাকায় বসবাসরত আদি বাসিন্দাদের অধিকাংশের জমি এখন ওয়ারিশসূত্রে টুকরো টুকরো হয়ে গেছে। এই ছোট জমিগুলোতে ভবন তোলার ক্ষেত্রে প্ল্যান পাস করাতে ঝামেলা হয়। আমরা এটার প্রতিকার চাচ্ছি।’
এ বিষয়ে নতুন ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ব্যবসায়ীদের ছোট প্লটগুলোকে একত্র করে এক-একটি আলাদা আবাসিক ব্লক করার পরামর্শ দেন। তিনি বলেন, এই প্রক্রিয়ায় নিজেরা কিছুটা করে জায়গা ছেড়ে রাস্তাগুলো প্রশস্ত করার সুযোগও থাকবে, যা পুরান ঢাকা এলাকার জন্যও একটা দৃষ্টান্ত হতে পারে।
এর বাইরে ব্যবসায়ী নেতারা বেড়িবাঁধ দখলমুক্ত করার পাশাপাশি চলাচলের সুবিধার্থে চানখাঁরপুল থেকে বেড়িবাঁধ পর্যন্ত একটা আন্ডারপাস নির্মাণের দাবিও জানান।