মৌলভীবাজারে অবৈধ স্ট্যান্ড নিয়ে দুই পক্ষ মুখোমুখি
মৌলভীবাজার শহরের বন বিভাগের কার্যালয় সড়ক (ফরেস্ট অফিস রোড) ও কাশীনাথ সড়কের প্রবেশমুখে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।অবৈধ অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে এলাকাবাসী গত ২৭ সেপ্টেম্বর মানববন্ধন করেছে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে স্ট্যান্ড উচ্ছেদের দাবির বিরোধিতা করে গত মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেছেন অটোরিকশা-টেম্পোর মালিক-শ্রমিকেরা।স্মারকলিপিতে বলা হয়েছে, ওই এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ছয় হাজার নাগরিকের বাস। এলাকায় রয়েছে বায়তুল হাবিব জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, লোকনাথ মন্দির, সৎসঙ্গ সেবা আশ্রম এবং মৌলভীবাজারের একমাত্র শ্মশানঘাট। রয়েছে কয়েকটি পূজামণ্ডপ। এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে মনু সেতু-সংলগ্ন বন বিভাগের কার্যালয় সড়কটি। কিন্তু এই সড়কের প্রবেশমুখে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে একটি অটোরিকশার স্ট্যান্ড। যাতায়াতকারীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কর্মজীবী নারীসহ এলাকাবাসী যাতায়াত করে। কিন্তু স্ট্যান্ডের কারণে তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এ ছাড়া মনু সেতু পার হয়ে এই স্থান দিয়ে প্রতিদিন জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর উপজেলাসহ সদর উপজেলার উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ জেলা সদরে আসা-যাওয়া করে। স্ট্যান্ড থাকায় সেখানে সব সময়ই যানজট লেগে থাকে।অটোরিকশা-টেম্পো মালিক সমিতির সভাপতি সরওয়ার আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মানি, এটা অবৈধ স্ট্যান্ড। কিন্তু সদর উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ এই স্ট্যান্ড দিয়ে শহরে আসা-যাওয়া করে। আমরা বলেছি, স্ট্যান্ড উচ্ছেদ করতে হলে শহরের অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করতে হবে এবং বিকল্প স্ট্যান্ডের ব্যবস্থা করে দিতে হবে।’এর প্রতিক্রিয়ায় বন বিভাগের কার্যালয় সড়কের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ের কাছে আমরা জিম্মি। শুনেছি, তারা সমাবেশ করেছে। পাড়ার মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না। আমরাও অবস্থান নেব। সড়ক অবরোধ করব, অনশন করব। তাতেও কাজ না হলে রাস্তা বন্ধ করে দেব। এ ছাড়া আর কী করার আছে!’