মৌলভীবাজারে আঞ্চলিক গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াশা ও শীত উপেক্ষা করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে আঞ্চলিক গণিত উৎসব শুরু। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩ জানুয়ারি ২০১৮। ছবি: প্রথম আলো।
কুয়াশা ও শীত উপেক্ষা করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে আঞ্চলিক গণিত উৎসব শুরু। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩ জানুয়ারি ২০১৮। ছবি: প্রথম আলো।

মৌলভীবাজার আঞ্চলিক গণিত উৎসব চলছে। আজ শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হয়েছে। কুয়াশা ও শীত উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে দূরদূরান্তের শিক্ষার্থীরা অভিভাবকের হাত ধরে উৎসব ভেন্যু মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে ভিড় করে।

জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ। উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তোফায়েল ইসলাম। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও গণিত বিভাগের অধ্যাপক মো. ইলিয়াছ উদ্দিন বিশ্বাস।
গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিতের সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক শক্তিপদ পাল। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘গণিতচর্চার মাধ্যমে তোমরা নিজেদের জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করবে। তোমাদের শিক্ষার লক্ষ্য থাকবে সমাজকে কিছু দেওয়ার। তোমাদের পথচলা সুন্দর হোক। তোমরা সমাজকে কিছু দাও।’

উদ্বোধনের পরই শুরু হয়েছে শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা। মৌলভীবাজার আঞ্চলিক গণিত উৎসবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৬০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মৌলভীবাজার বন্ধুসভার সহযোগিতায় উৎসবের কার্যক্রম চলছে।