মৌলভীবাজারে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, সড়ক অবরোধ
সন্ত্রাসী হামলায় আহত মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ছাত্রলীগের নেতা এনামুল হক ওরফে অরদৌস গতকাল শনিবার মারা গেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার-কুলাউড়া সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস পেলে অবরোধ প্রত্যাহার করা হয়।পুলিশ, এলাকাবাসী ও অরদৌসের পরিবার সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একাটুনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অরদৌস (২২) গতকাল সকাল সাতটার দিকে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে নিদিরমহল, দনাশ্রী, কদমহাটাসহ আশপাশের গ্রামের বিক্ষুব্ধ মানুষ দুপুর পৌনে ১২টার দিকে দনাশ্রী এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে ও বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সদর ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা পৌনে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।গত বুধবার সদর উপজেলার দনাশ্রী এলাকার একটি মেলায় অরদৌস চায়ের দোকান দেন। সন্ত্রাসীরা তাঁদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা হয়। তবে কেউ গ্রেপ্তার হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।