মৌলভীবাজারে ইউপি সদস্যের ওপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন
মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য মুসা মিয়ার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল বৃহস্পতিবার তারা জেলা শহরে এসে ওই কর্মসূচি পালন করে। পরে তারা মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার দুপুরে মুসা মিয়া সিএনজিচালিত অটোরিকশায় চেপে মৌলভীবাজার শহরে আসছিলেন। শহরের কুসুমবাগ এলাকার পেট্রল পাম্পের সামনে আসার পর সন্ত্রাসীরা তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পেটায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। বক্তারা এ হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা খান, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক কিবরিয়া, ছাত্রলীগের সাবেক নেতা সুজিত দাস প্রমুখ। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল খালিক ও জাকির নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মুসা মিয়ার ভাগ্নে দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।