মৌলভীবাজারে ইসলামী ঐক্যজোটের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে ইসলামী ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখা গতকাল রোববার সন্ধ্যায় মৌলভীবাজারে সমাবেশ করেছে। শহরের চৌমোহনা চত্বরে সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাত্তরে ইসলামের নামে জামায়াত-শিবির হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের বিচার না হলে জাতি কলঙ্কমুক্ত হবে না। জাতিকে কলঙ্কমুক্ত করতে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য একটি মহল তৎপরতা শুরু করেছে। তাদের সম্পর্কে আলেম-ওলামা ও জনগণকে সচেতন থাকতে হবে। তিনি রাজনগরের পাঁচগাঁওয়ের গণহত্যায় জড়িত স্থানীয় রাজাকারদের বিচারের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, মহাসচিব মনিরুজ্জমান রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আবু হানিফ প্রমুখ।