মৌলভীবাজারে এক যুগ পর যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর মৌলভীবাজারে যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর সম্মেলন আয়োজন করায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কমিটিতে পদ পেতে অনেক নেতা-কর্মী দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। নতুন নেতৃত্বে কারা আসছেন—তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।
জেলা যুবলীগ ও নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালের ২২ মার্চ যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন হয়েছিল। পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে যুবলীগ নিজেদের পৃথক কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ এবং পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে জেলা কমিটির ধারাবাহিক ত্রিবার্ষিক সম্মেলনের সময় পিছিয়ে যায়। কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। গত মাসে যুবলীগ কেন্দ্রীয় কমিটি ৪ মে সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেয়।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণ সম্পর্কে যুবলীগ জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নানা কারণে আমরা সম্মেলন করতে পারিনি। তবে আমরা আন্দোলন-সংগ্রাম ও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম। যুবলীগ জেলা শাখার বেশির ভাগ নেতা-কর্মীই সক্রিয় ছিলেন।’
কেন্দ্রের নির্ধারিত তারিখ অনুযায়ী ৪ মে জেলা কমিটি সম্মেলনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সম্মেলন হবে। এর মধ্যে সম্মেলনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক সভা করা হয়েছে। সম্মেলনের তারিখ ও অতিথিদের নাম দিয়ে জেলা শহরের চৌমোহনা, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রফিকুর রহমান, হুইপ মো. শাহাব উদ্দিন, সাংসদ সৈয়দা সায়রা মহসিন ও আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, আওয়ামী লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখের উপস্থিত থাকার কথা।
যুবলীগ জেলা শাখার সম্মেলন সামনে রেখে ৩০ এপ্রিলের মধ্যে সব কটি উপজেলা শাখার সম্মেলন করার কথা ছিল। কিন্তু একমাত্র বড়লেখা উপজেলা শাখা এই তারিখ নির্ধারণের আগেই সম্মেলন করেছে। বাকি ছয়টির মধ্যে রাজনগর ও কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি ৩০ এপ্রিলের আগেই ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া কেন্দ্রীয় কমিটি কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলা শাখার সম্মেলন স্থগিত করেছে।
এ বিষয়ে যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ আহমদ বলেন, ‘যেসব উপজেলায় সম্মেলন হয়নি বা স্থগিত হয়েছে, নতুন কমিটি এসে সেসব উপজেলার শাখাগুলোর সম্মেলন করবে। আমরা জেলা সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সুন্দরভাবে আমাদের কার্যক্রম চলছে।’