মৌলভীবাজারে এবার ৭০ কোটি টাকার বোরো ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে এবার বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর এবং নিম্নাঞ্চলের প্রায় আট হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুসারে, এতে প্রায় ৭০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভূকশিমইল এলাকার কৃষকেরা জানান, আগে সাধারণত ধান পাকার সময় বন্যা বা পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যেত। তখন কষ্ট করে হলেও কিছুটা পাকা ধান ঘরে তোলা গেছে। কিন্তু এবার চৈত্র মাসেই পাহাড়ি ঢল আসে। ফলে ফসল তোলার সুযোগ মেলেনি। ভূকশিমইলের আবদুল আজিজ বলেন, ‘আমার সারাটা জমিনের ধান পানি খাইলিছে। কাছি লইয়া আর যাওয়া লাগছে না।’ বর্গাচাষি আজমল আলী বলেন, ‘২৫ কিয়ার (বিঘা) জায়গা বোরো করেছিলাম। বীজ রাখার এক মুইঠ ধান নাই।’ ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘চৈত্র মাসে হাকালুকি হাওর এ রকম পানিতে ডুবে যেতে আমার জীবনে এর আগে কখনো দেখিনি। আমার এলাকার প্রায় ৭০ শতাংশ ধান পানিতে ডুবে গেছে।’ একই অবস্থা সদর ও রাজনগর উপজেলাধীন কাওয়াদিঘি হাওরের নিম্নাঞ্চলের কৃষকদের।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার হাকালুকি, কাওয়াদিঘি হাওরসহ নিম্নাঞ্চলের সাত হাজার ৯৩০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বোরো জমির ফসলের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪২ হাজার ১২৬ মেট্রিক টন। বর্তমান সরকারি ক্রয় দর অনুযায়ী এই ফসলের মূল্য হচ্ছে ৬৯ কোটি ৭৯ লাখ টাকা।