মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখলেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশ সরকার ও জাতিসংঘ এ দেশের মা ও শিশুস্বাস্থ্যের জন্য বিনিয়োগ বাড়াবে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সফল অর্জন তিনি পৃথিবীর অন্য দেশে উদাহরণ হিসেবে তুলে ধরবেন।গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামে সরকারের কমিউনিটি ক্লিনিক প্রকল্প এবং সরকার, ইউনিসেফ ও ইউএনএফপিএর মা ও নবজাতক প্রকল্প পরিদর্শনকালে বান কি মুন এসব কথা বলেন। তিনি বলেন, মা ও শিশুর স্বাস্থ্য জাতিসংঘের এক নম্বর এজেন্ডা।জাতিসংঘের মহাসচিব বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশুর স্বাস্থ্যও ভালো থাকে। অন্যদিকে শিশুর স্বাস্থ্য ভালো থাকলে মা-ও সুস্থ থাকেন। বাংলাদেশ সরকার, বিভিন্ন এনজিও ও স্থানীয় মানুষ যেসব উদ্যোগ নিয়েছে, তাতে তিনি খুশি।বান কি মুনকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টা ৪০ মিনিটে মৌলভীবাজার সদর থেকে প্রায় ১০ মাইল দূরের সালন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। তিনি প্রথমে যান টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর কমিউনিটি ক্লিনিকে। ক্লিনিকের ছোট চত্বরে আগে থেকে অবস্থান করা ১৫-১৬ জন কিশোরীর সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্য রক্ষায় ভালো উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ কেমন লাগছে, এক কিশোরীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুবই ভালো।’জাতিসংঘ মহাসচিব মোবারকপুর কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখার পর যান ওই গ্রামের হাসনা বেগমের বাড়িতে। সেখানে মা ও নবজাতক প্রকল্পের কর্মকর্তারা উঠোন সভার আয়োজন করেন। প্রকল্পের সেবা পান, সভায় উপস্থিত এমন ১৫ জন নারীর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। তিনি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত উদ্যোগগুলোর প্রশংসা করে বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে বাংলাদেশ ঠিক পথেই আছে।বান কি মুন বলেন, নাইজেরিয়া ও ইথিওপিয়ার স্বাস্থ্য ক্ষেত্রের সফল উদ্যোগগুলো দেখার জন্য গত মে মাসে তিনি দেশ দুটি সফর করেন। বাংলাদেশের সফল উদ্যোগগুলো তিনি অন্য দেশে ‘শো কেস’ হিসেবে উপস্থাপন করবেন।এ সময় বান কি মুনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ইউএনএফপিএর প্রধান বাবাতুন্ডে, স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, চিফ হুইপ আবদুস শহীদ, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক মাকদুমা নার্গিস এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সরকারি কর্মকর্তারা।বান কি মুনকে দেখার জন্য সকাল থেকে অপেক্ষায় ছিল অনেক মানুষ। কিন্তু কড়া নিরাপত্তার কারণে তাঁকে তারা দেখেছে দূর থেকে।